প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ
অপরাধ
3

গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকার সংশ্লিষ্টদের কটূক্তি করে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, সিফাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওতে সরকার সংশ্লিষ্টদের উদ্দেশে কটূক্তি করতে দেখা যায় তাকে।

ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি বিলের পরিমাণকে অতিরিক্ত দাবি করেন। এসময় তার হাতে বিদ্যুৎ বিলের দু’টি কাগজও দেখা যায়।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি গাছা থানা পুলিশকে জানায়। এরপর বৃহস্পতিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করে।

গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাত ৯টার দিকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এদিকে, অবিলম্বে সিফাতের মুক্তির দাবিতে গাছা থানায় অবস্থান করছেন গাজীপুর মহানগর এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসএইচ