ফেনীতে ২ মাদকসেবী আটক; ময়লা পুকুর পরিষ্কারে নামালো স্থানীয়রা

ময়লা পুকুর পরিষ্কার করানো হয়েছে আটক দুই মাদকসেবীকে দিয়ে
এখন জনপদে
অপরাধ
0

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেয়া হয়।

আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা তাদের নিয়ে গিয়ে পুকুরটি পরিষ্কারের করতে দেয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন— সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, এলাকায় মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই তাদের আটক করা হয়। পরে শাস্তিমূলকভাবে নয়, বরং স্থানীয়ভাবে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তাদের দিয়ে ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়।

চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, ‘দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে শাস্তি হিসেবে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়।’

তিনি আরও বলেন, ‘তারা একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে।’

এসএইচ