তেজগাঁওয়ে তালা ভেঙে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মরদেহের প্রতীকী
দেশে এখন
অপরাধ
0

তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ও জনপথ স্টাফ কোয়ার্টারের তালাবদ্ধ একটি কক্ষের ভেতর থেকে কম্বল মোড়ানো অবস্থায় নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সাগর পলাতক রয়েছে বলে জানা গেছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হামিদ জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে সড়ক ও জনপথ কোয়ার্টারের একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তালাবদ্ধ রুমটিতে মরদেহটি কম্বল দিয়ে প্যাঁচানো ছিল। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উপ-পরিদর্শক বলেন, ‘নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মারধরের পর শ্বাস রোধে হত্যা করে বাহির দিয়ে তালা বন্ধ করে হত্যাকারী পালিয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী সাগর পলাতক রয়েছে।’

জানা যায়, নিহত নিশি আক্তার চাঁদপুর উত্তর মতলব উপজেলার মো. খোকনের মেয়ে। ৫/৬ বছর আগে সম্পর্কের মাধ্যমে সাগরের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৪ বছরের একটি সন্তান রয়েছে। সে পাশেই দাদা দাদির সঙ্গে থাকে।

পুলিশ জানায়, কী কারণে, কেন, তাকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে তদন্ত চলছে। তার স্বামী মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

এএইচ