হাসিনাকে ফেরানোর শর্ত নিয়ে প্রতিবেদন ভিত্তিহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে এখন
0

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারত দুটি শর্ত দিয়েছে বলে বিবিসি বাংলার এক প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, প্রতিবেদনটির কোনো ভিত্তি নেই।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। এরকম প্রতিবেদন তো আপনিও ছাপাতে পারেন প্রতিদিন একটা। প্রতিবেদনটি দিয়ে কিছু বোঝায় না। ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু এলে আমরা তা গ্রহণ করব এবং সে অনুযায়ী জবাব দেব।’

প্রতিবেদনে উল্লেখ করা শর্ত দুটির বিষয়ে ভারত কোনো পর্যায়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, এ ধরনের কোনো যোগাযোগ হয়নি।

তিনি বলেন, ‘না, একেবারেই না। আমাদের সঙ্গে এ বিষয়ে তাদের কোনো কথাই হয়নি।’

বিবিসি বাংলার সাম্প্রতিক ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকারের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে নয়াদিল্লির প্রধান দুটি শর্ত রয়েছে।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে– তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

আরও পড়ুন:

সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।

এর জন্য দিল্লির তরফে যে ধরনের লজিস্টিক্যাল প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়–বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

আরেক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের নাগরিক হলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট পাওয়ার অধিকারী হন না, বিশেষ করে যদি তিনি গুরুতর অপরাধে দণ্ডিত হন বা তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকে।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি একজন দণ্ডিত অপরাধী হন, আপনার বিরুদ্ধে যদি মানবতাবিরোধী অপরাধের মামলা থাকে… তিনি (হাসিনা) কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।’

প্রতিমন্ত্রী যোগ করেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় অন্য যেকোনো অভিযুক্ত ব্যক্তির মতো তাকেও বাংলাদেশে ফিরে এসে তার সাজা ভোগ করতে হবে।

এসএইচ