মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে লিটনের আবেগঘন উদযাপন

লিটনের আবেগঘন উদযাপন
ক্রিকেট
এখন মাঠে
0

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। ১৫৫ বলে করা লিটনের এই শতক তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম। চলতি বছরে পাকিস্তান ও আফগানিস্তানের পর এটা ছিল তার তৃতীয় শতক। সেঞ্চুরির পর করেছেন ভিন্ন ধরণের উদযাপন। লিটন কন্যার তৃতীয় জন্মদিনে করা এই সেঞ্চুরি উৎসর্গ করেছেন তার মেয়েকে।

জোহানসেবার্গ টেস্টের দ্বিতীয় দিনটা লিটন শুরু করেছিলেন সেঞ্চুরি থেকে মাত্র আট রান দুরে থেকে। তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছাতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি এই উইকেট কিপার ব্যাটারকে।

দিনের চতুর্থ ওভারে মার্কো ইয়াসেনের শর্ট অফ লেন্থের বল হুক শটে বাউন্ডারি ছাড়া করে লিটন তুলে নেন টেস্ট ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরি। উদযাপনে ছিল ভিন্নতা, হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরার পাশাপাশি করলেন ভিন্ন কিছুও।

মেয়ের জন্মদিনে পাওয়া এই বিশেষ সেঞ্চুরিকে রাঙালেন বিশেষভাবে। আগে থেকে পকেটে ছিল জন্মদিনের শুভেচ্ছা বার্তা লেখা বিশেষ চিরকুট। সেটিই উঁচিয়ে জানান দিলেন মেয়ের প্রতি বাবার ভালোবাসা। শুধু তাই নয় ফেইসবুকেও সেঞ্চুরি নিয়ে করেছেন পোস্ট যেখানে লিখেছেন বিশেষ দিনের এই শতকের কথা।

অস্ট্রেলিয়া সিরিজের দুই টেস্ট মিলে রানের খাতা খুলতে না পারা লিটন চলতি বছরে আট টেস্ট খেলে করলেন তৃতীয় সেঞ্চুরি। বছরের প্রথম শতকটা ছিল পাকিস্তানের বিপক্ষে। এরপর আবুধাবিতে করেছেন আফগানদের বিপক্ষে শতক। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম এই সেঞ্চুরি ছিল বছরের তৃতীয়। চলতি বছরে হাঁকিয়েছেন দুই ফিফটিও।

১৪ চার আর ১ ছক্কায় লিটনের ১২০ রানের সুবাদে বাংলাদেশও স্কোর বোর্ডে জমা করেছে তাদের প্রথম ইনিংসে ৪০০ রান। যেটা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ২০১০ সালের পর যেকোন দলের জন্য সর্বোচ্চ। জোহানেসবার্গের এই মাঠের ইতিহাস বলে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কোন দলই টেস্ট হারেনি এর আগে। সাত ম্যাচ ড্র হলেও ১২ ম্যাচে জয় পেয়েছে দলগুলো।

এফএস