রাষ্ট্রপতির কাছে ফিজি-গায়ানা-অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতির কাছে দূত ও হাইকমিশনাররা পরিচয়পত্র পেশ করেছেন
দেশে এখন
0

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাংলাদেশে নবনিযুক্ত ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনার এবং অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করা হয়েছে। আজ (সোমবার, ১৬ নভেম্বর) বঙ্গভবনে তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাদের পরিচয়পত্র পেশ করেন।

এসময় রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ডাক্তার-নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নেয়ার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের জন্য দূতদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আলাপকালে রাষ্ট্রদূতদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে, যারা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।’

তিনি এসময় অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান। এক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সকালে প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে পরিচয়পত্র পেশ করেন ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি।

এর আগে, সকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সে দেশের প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি তার শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর ও সরাসরি বাণিজ্যিক যোগাযোগ এবং নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন:

এসময় রাষ্ট্রদূত বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদানে তার দেশের আগ্রহের কথা জানান। রাষ্ট্রপতি বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাম্প্রতিক নির্বাচনে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় সে দেশের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তিনি গায়ানার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান এবং গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।

ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাতকালে হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তাদের দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এসময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসএইচ