আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে এসব কথা বলেন জামায়াত আমির। বৈঠকে ডা. শফিকুর রহমান সভাপতিত্ব করেছেন। পরে দলটির ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে জামায়াত আমির মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শহিদদের স্মরণ করেন।
এসময় জামায়াত আমির বলেন, ‘গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর অধিক শহিদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধীদলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখবো। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবো না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। পাশাপাশি আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘দুনিয়া আমাদের লক্ষ্য নয়; বরং আখিরাতই আমাদের প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করতে হবে। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনা ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।’
এছাড়া বৈঠকে বার্ষিক পরিকল্পনা-২০২৭ সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় ও দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





