তুচ্ছ ঘটনায় তিন ভাইয়ের মারামারি, প্রাণ গেলো ছোটভাইয়ের

দিনাজপুর
নিহত মুকুল হোসেন
এখন জনপদে
অপরাধ
0

দিনাজপুরে ধানের জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোটভাই মুকুল হোসেনের (৩৫) মৃত্যর ঘটনা ঘটেছে। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাতে তার তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল (সোমবার, ৫ অক্টোবর) রাত ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের কৃষ্ণ চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল হোসেন (৩৫) ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে কৃষ্ণ চাঁদপুর এলাকায় ছোটভাই মুকুলের ধানের জমিতে বড় ভাই দেলোয়ার হোসেন (৫০) ও মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টার (৪৫) ময়লা ফেলতেন।

আরও পড়ুন:

নিহতের স্বজনদের অভিযোগ, এ দিন ময়লা ফেলাকে কেন্দ্র করে মুকুল তার বড়ভাইদের সঙ্গে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে বড়ভাই ও মেজোভাই উভয়ে মুকুল হোসেনকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। এসময় ছোটভাই মুকুল হোসেন বুকে গুরুতর আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে মুকুলের স্ত্রী মাহমুদা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ বিরামপুর থানা হেফাজতে নিয়ে আসেন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘ছোট ভাইয়ের ধানের জমিতে ময়লা ফেলাকে কেন্দ্র করে বড়ভাই ও ছোটভাই তর্কবিতর্ক ধাক্কাধাক্কি হয়। প্রাথমিক ভাবে জানতে পেরেছি উভয়ের মারামারিতে মুকুল হোসেন নামের ছোটভাই মারা গেছেন। তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

এসএইচ