যশোরে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মরদেহের প্রতীকী
এখন জনপদে
অপরাধ
0

যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটী এলাকায় রঞ্জন মণ্ডল (৬০) নামের এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৭ নভেম্বর) দুপুরে স্থানীয় এলাকাবাসীর দেয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রঞ্জন মণ্ডল পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয় লোকজন মশিয়াহাটীর হেলারঘাট এলাকার রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ দেখতে পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন:

পুলিশ জানায়, উদ্ধারকালে নিহত রঞ্জন মণ্ডলের পরনে ছিলো কালো রঙের প্যান্ট, হলুদ রঙের শার্ট এবং ভেতরে সাদা স্যান্ডো গেঞ্জি। এছাড়া তার চোখে পাওয়ার চশমা, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিলো। শার্টের পকেট থেকে একটি কলম ও ডায়েরি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ বা হত্যার নেপথ্যের রহস্য জানা যায়নি। তবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।’

এসএইচ