ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা: অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ
হামলায় নিহত পুলিশ কনস্টেবল
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় মামলা হয়েছে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেছেন।

আজ (সোমবার, ২৩ নভেম্বর) বিকেলে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

তিনি জানান, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান পুলিশের একটি দল। এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন।

আরও পড়ুন:

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নেয়া হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগ দেন। আট বছর নয় মাসের বেশি সময় যাবৎ তিনি পুলিশে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামে।

পুলিশ জানায়, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া এ হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলছে বলেও জানায় পুলিশ।

এসএইচ