নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা: ৪২ ঘণ্টা পরও গ্রেপ্তার হয়নি কেউ

নারায়ণগঞ্জ
হামলায় নিহত পুলিশ কনস্টেবল
অপরাধ
5

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের ধারালো অস্ত্রের হামলায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানায় পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে দায়ের করা এ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই মো. রফিক।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ফতুল্লা থানা পুলিশের পাশাপাশি কাজ করছে এসআরবি-১১-এর সদস্যরা। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দলও অভিযানে যুক্ত হয়েছে।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুরের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল সাত্তার। এ সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান কনস্টেবল আনোয়ার। তবে সঙ্গে থাকা এএসআই আব্দুল সাত্তার পালিয়ে প্রাণে রক্ষা পান।

নিহত আনোয়ারের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী ফতুল্লা মডেল থানার এসআই মনজুরুল ইসলাম জানান, আনোয়ারের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাত ও ছিদ্র ছিল। এছাড়া ঘাড়ের বাঁ পাশে চাপাতির কোপ এবং নাক ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার পরিবারের কাছে আনোয়ার মোল্লার মরদেহ হস্তান্তর করা হয়। পরে সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জের দত্ত খন্দ এলাকায় নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত আনোয়ার ওই এলাকার জত্তন মোল্লার ছেলে।

এফএস