গত ১ আগস্ট এআরওয়াই ডিজিটালে প্রচার শুরু হয় উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত নাটকটির। এরপর থেকেই শান্ত স্বভাব, সংযত আচরণ আর ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এক স্বামীর চরিত্রে আবু বকর হয়ে উঠেছেন দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা, প্রশংসা আর আবেগের বন্যা। এই উন্মাদনা শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নেই। বাংলাদেশ, ভারত, দুবাই, এমনকি মালদ্বীপেও ছড়িয়ে পড়েছে নাটকটির জনপ্রিয়তা। পছন্দের দৃশ্যগুলো নিয়ে চলছে আলোচনা, ভাগাভাগি হচ্ছে অসংখ্য ভিডিও। কোথাও কোথাও ভক্তরা আয়োজন করছেন একসঙ্গে নাটক দেখার আসরও।
কিন্তু আবু বকরের মধ্যে এমন কী আছে, যা তাকে রাতারাতি উপমহাদেশের নারীদের নতুন ক্রাশে পরিণত করেছে?
ধর্মের দুই রূপ, দুই পুরুষের গল্প
নাটকের গল্পের কেন্দ্রে রয়েছেন জারিয়াব (দুরেফিশান সেলিম), তার শৈশবের বন্ধু জামিল (নওয়াজ খান) এবং আবু বকর (শেহরিয়ার মুনাওয়ার)। তাদের জীবন, সম্পর্ক ও ধর্মীয় বিশ্বাসের মধ্য দিয়ে গল্পটি সামনে এগিয়েছে।
জারিয়াব ধনী পরিবারের মেয়ে। আবেগপ্রবণ, স্বাধীনচেতা এবং ভালোবাসার ক্ষেত্রে বেপরোয়া। শৈশবের বন্ধু জামিলের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে, জামিলের জন্য সে নিজের জীবনকেও নতুন করে সাজাতে প্রস্তুত। জামিল হার্ভার্ডে ভর্তির সুযোগ না পাওয়ায় জারিয়াবও সেখানে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। পরে জামিলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। জামিলের মদ্যপান কিংবা মাদকাসক্তির মতো বিষয়গুলোও সে মেনে নেয়। ভালোবাসার মানুষের জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত জারিয়াব।
কিন্তু একসময় জামিল ধর্মের পথে ফিরে আসে। আর সেখান থেকেই বদলে যেতে থাকে তাদের সম্পর্ক। জামিলের চোখে জারিয়াবের পোশাক, জীবনযাপন ও অতীত হয়ে ওঠে আপত্তির বিষয়। যে মানুষটির সঙ্গে একসময় সে জীবন কাটানোর স্বপ্ন দেখেছে, তাকেই এখন ধর্মীয় মানদণ্ডে বিচার করতে শুরু করে জামিল। একপর্যায়ে হামনা (রুমাইসা খান) নামের এক নারীকে বিয়ে করে সে। জামিলের চোখে হামনা এমন একজন নারী, যার অতীত নিয়ে কোনো প্রশ্ন নেই, যিনি তার কাছে ‘আদর্শ ধার্মিক’ নারীর প্রতিচ্ছবি।
এখানেই গল্পে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আবু বকরের উপস্থিতি। তিনিও ধর্মপ্রাণ। কিন্তু জামিলের সঙ্গে তার মৌলিক পার্থক্য ধর্মকে দেখার দৃষ্টিভঙ্গিতে।
জামিলের কাছে ধর্ম যেন অন্যকে বিচার করার মাপকাঠি। নিজের বিশ্বাস ও আচরণ দিয়ে অন্যদের মূল্যায়ন করাই তার প্রবণতা। অন্যদিকে আবু বকর ধর্মকে দেখেন নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পথ হিসেবে। তার কাছে ধর্ম মানে বিনয়, সহমর্মিতা, ক্ষমা আর মানুষের প্রতি দায়িত্বশীলতা। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের হাতিয়ার নয়, বরং নিজের চরিত্রকে সুন্দর করে তোলার অনুপ্রেরণা।
কেন আবু বকর স্বামী হিসেবে ‘সেরা’
জামিলের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর ভেঙে পড়া জারিয়াব একসময় বিয়ে করেন আবু বকরকে। কিন্তু নতুন সম্পর্কের শুরুটা মোটেও সহজ হয় না। আগের সম্পর্কের ক্ষত, অপমান আর জমে থাকা অভিমান নিয়ে সে আবু বকরের জীবনে আসে। নিজের ভেতরের ক্ষোভ সামলাতে না পেরে অনেক সময় সেই রাগের প্রকাশ ঘটায় নতুন স্বামীর ওপরই। চিৎকার করে, কটু কথা বলে, কখনো ইচ্ছা করেই আবু বকরকে কষ্ট দেয়।
এ ধরনের পরিস্থিতিতে আমাদের পরিচিত নাটকীয় পরিণতি কী হতে পারে, তা সহজেই অনুমেয়। উচ্চস্বরে পাল্টা জবাব, রাগারাগি, দরজা আছড়ে বন্ধ করা কিংবা সম্পর্কের মধ্যে আরও দূরত্ব তৈরি হওয়া। কিন্তু আবু বকর সেসবের কোনোটিই করেন না।
তিনি বোঝেন, জারিয়াবের এই রাগের উৎস তিনি নন। বরং এর পেছনে রয়েছে অতীতের সম্পর্ক, হারানোর বেদনা, অপমান আর নিজের সঙ্গে দীর্ঘদিনের লড়াই। তাই জারিয়াবের কথার আঘাতকে ব্যক্তিগত অপমান হিসেবে না নিয়ে তিনি বোঝার চেষ্টা করেন, মানুষটি আসলে কতটা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে।
জারিয়াবের অতীত সম্পর্কেও তিনি জানেন। কিন্তু তা নিয়ে কোনো প্রশ্ন তোলেন না, বিচার করেন না। নিজের চরিত্র কিংবা অতীত নিয়ে জারিয়াব যখন অপরাধবোধে ভোগে, তখন আবু বকর তাকে মনে করিয়ে দেন, কারও বিচার করার অধিকার তার নেই। একজন মানুষের সঙ্গে তার সৃষ্টিকর্তার সম্পর্ক একান্তই ব্যক্তিগত।
একটি দৃশ্যে মাতৃত্বকালীন ক্লিনিকে হামনাকে দেখে জারিয়াব কান্নায় ভেঙে পড়ে। আবু বকর খুব ভালোভাবেই বুঝতে পারেন, এই কান্নার পেছনে কী বেদনা কাজ করছে। তবু তিনি বিষয়টিকে নিজের দাম্পত্যের জন্য হুমকি মনে করেন না। জারিয়াবকে অতীত ভুলে যেতে বলেন না, কিংবা দ্রুত স্বাভাবিক হওয়ার জন্য চাপও দেন না। বরং নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর সময় ও সুযোগ করে দেন।
ছোট ছোট যত্নের নাম ভালোবাসা
আবু বকরকে এতটা জনপ্রিয় করে তোলার পেছনে বড় কোনো প্রেমের ঘোষণা কিংবা ব্যয়বহুল উপহারের ভূমিকা নেই। বরং তার ভালোবাসা প্রকাশ পায় একেবারেই সাধারণ কিছু আচরণে।
কেউ টফি বিলি করলে সেখান থেকে একটি বাড়তি টফি পকেটে রেখে দেন। কারণ, বাড়ি ফিরে সেটি স্ত্রীকে দেবেন। শিশুর মতো আনন্দ নিয়ে স্ত্রীর জন্য ছোট্ট এই উপহার নিয়ে ফেরেন তিনি। জারিয়াব রাগ করে ফোন ছুড়ে ফেললে নিজেই সেটি তুলে দেন। স্ত্রীর জুতো যত্ন করে সরিয়ে রাখেন, নরম স্বরে কথা বলেন, তার সুস্থতার জন্য দোয়া করেন। নিজের কোনো ভুল হলে অহংকার না করে সঙ্গে সঙ্গেই ক্ষমা চান।
এমনকি জারিয়াব যেন আবার হার্ভার্ডে পড়তে যেতে পারে, সেটিও চান আবু বকর। স্ত্রীর স্বপ্ন ও উচ্চাকাঙ্ক্ষাকে নিজের চেয়ে ছোট করে দেখেন না। বরং তার এগিয়ে যাওয়ার পথে সহযোগী হতে চান।
তার রোমান্টিকতাও ঠিক একই রকম কোমল। জারিয়াবকে কোন রঙের পোশাকে সুন্দর দেখায়, সেটি খেয়াল করেন। কানে দুল পরতে সাহায্য করেন। বিদায় জানানোর সময় আলতো করে চুলে হাত বুলিয়ে দেন। ভুল হলে ক্ষমা চাওয়ার সময় স্ত্রীর হাতে চুমু খান। আর জারিয়াবের প্যানিক অ্যাটাক হলে তার হাত ধরে পাশে থাকেন, জড়িয়ে ধরে আশ্বস্ত করেন।
দৃশ্যগুলোতে আবু বকরের ভালোবাসা প্রকাশের ধরন যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারের অভিনয়। তিনি চরিত্রটিকে কখনো অতিরঞ্জিত করেননি। বাড়তি সংলাপ কিংবা নাটকীয় অভিব্যক্তির বদলে চোখের চাহনি, মৃদু হাসি, কণ্ঠের কোমলতা আর ছোট ছোট অঙ্গভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন আবু বকরের ব্যক্তিত্ব। জারিয়াবের হাত ধরার সময় তার কণ্ঠের পরিবর্তন কিংবা স্ত্রীর দিকে তাকানোর ভঙ্গি—সবকিছুতেই রয়েছে একধরনের স্বাভাবিক অন্তরঙ্গতা।
আর এ কারণেই পর্দার এই সম্পর্কের দৃশ্যগুলো দর্শকদের কাছে এতটা জীবন্ত হয়ে উঠেছে। অনেকেই হয়তো নিজের জীবনে এমন একটি মুহূর্তের অপেক্ষায় থাকেন, যেখানে ভালোবাসা প্রকাশের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না।
জারিয়াবের ঘুরে দাঁড়ানো, সঙ্গে গল্পের সীমাবদ্ধতা
‘দার-ই-নিজাত’-এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো জারিয়াবের চরিত্র নির্মাণ। উপমহাদেশের প্রচলিত টেলিভিশন নাটকে নায়িকাদের যেভাবে উপস্থাপন করা হয়, জারিয়াব তার থেকে অনেকটাই আলাদা। সমাজের প্রচলিত নৈতিকতার মাপকাঠিতে তার অনেক সিদ্ধান্তই প্রশ্নবিদ্ধ। সে ‘ধার্মিক’ নয়, ভালোবাসার ক্ষেত্রে বেপরোয়া, বিয়ের আগে একসঙ্গে থেকেছে, শারীরিক সম্পর্কেও জড়িয়েছে। কিন্তু এসব কারণে নাটকটি তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে না।
উপমহাদেশের টেলিভিশন নাটকে সামাজিক ও ধর্মীয় অনুশাসনের বাইরে গিয়ে জীবনযাপন করা নারীদের খুব কম ক্ষেত্রেই নতুন করে জীবন শুরুর সুযোগ দেয়া হয়। তাদের জন্য অপেক্ষা করে শাস্তি, অনুশোচনা কিংবা আজীবন কষ্টের গল্প। অন্যদিকে, সুখী সমাপ্তি যেন বরাদ্দ থাকে সমাজের চোখে ‘ভালো’ বলে বিবেচিত নারীদের জন্যই।
সেই জায়গায় জারিয়াবের গল্প কিছুটা ব্যতিক্রম। তাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়া হয়েছে। অতীতের ভুল, আঘাত ও মানসিক সংকট পেরিয়ে একটি সুন্দর জীবনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। নাটকের নামের মধ্যেও যেন সেই ইঙ্গিত রয়েছে। ‘দার-ই-নিজাত’ অর্থ মুক্তির দ্বার। আর এই মুক্তির পথ খুঁজে নেয়াই জারিয়াবের গল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ।
তবে নাটকটি পুরোপুরি প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গির বাইরে যেতে পেরেছে, এমনটা বলা যাবে না। কিছু দৃশ্যে সেই পুরোনো মানসিকতারই প্রতিফলন দেখা যায়। বিশেষ করে জারিয়াবের দাদির মুখে সংসার টিকিয়ে রাখতে নারীদের মানিয়ে চলা, ছাড় দেয়া এবং স্বামীর ঘর সামলানোর উপদেশ অনেকের কাছেই অস্বস্তিকর মনে হতে পারে। যে নাটকটি একদিকে নারীর অতীত ও ব্যক্তিস্বাধীনতাকে বিচার না করার বার্তা দিচ্ছে; অন্যদিকে সেখানেই নারীর ওপর প্রচলিত সামাজিক প্রত্যাশার চাপও দেখা যাচ্ছে।
জারিয়াবের অতীতকে উপস্থাপনের ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার ধর্মীয় জীবনের দিকে ফিরে আসাকে এমনভাবে দেখানো হয়েছে, যেন অতীতের জীবনযাপনই তার সব সংকটের মূল কারণ। তার আগের পছন্দগুলোকে একধরনের ‘ভুল বা পাপ’ হিসেবে দেখিয়ে সেখান থেকে মুক্তির পথ হিসেবে ‘আধ্যাত্মিক পরিবর্তনকে’ সামনে আনা হয়েছে। ফলে একজন মানুষের আত্মিক বিকাশ এবং একজন নারীর আচরণ নিয়ে সমাজের প্রত্যাশা—দুটির মধ্যে পার্থক্য কিছুটা অস্পষ্ট হয়ে যায়।
একটি পারিবারিক অনুষ্ঠানে জারিয়াব যখন স্লিভলেস পোশাক পরতে অস্বীকৃতি জানায় এবং জানায়, এখন আর এমন পোশাকে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন দর্শকদের মধ্যেও তৈরি হয় ভিন্নমত। কেউ তার ব্যক্তিগত পছন্দের পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, একজন নারীর আধ্যাত্মিক পরিবর্তনকে পোশাকের মধ্য দিয়েই কেন প্রকাশ করতে হবে? একজন মানুষের ভালো-মন্দ কিংবা পরিবর্তনের বিচার কি তার পোশাক দিয়ে হওয়া উচিত?
আরেকটি প্রশ্নও সামনে এসেছে, একজন মানসিকভাবে বিপর্যস্ত নারীর ঘুরে দাঁড়ানোর জন্য কি একজন পুরুষের প্রয়োজন? প্রশ্নটি অযৌক্তিক নয়। তবে আবু বকরের ভূমিকা এখানে একটু ভিন্নভাবে দেখার সুযোগ রয়েছে। তিনি জারিয়াবকে বদলে দেয়ার চেষ্টা করেন না, ধর্মের পথে আসতে বাধ্য করেন না কিংবা তার অতীত মুছে ফেলতে চান না। বরং এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করেন, যেখানে জারিয়াব নিজের মতো করে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ পায়।
ক্ষত সারানোর কাজটি শেষ পর্যন্ত জারিয়াবকেই করতে হয়। নিজের বিশ্বাস, উপলব্ধি ও সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কের জায়গা থেকে সে নিজের পরিবর্তনের পথ খুঁজে নেয়। আবু বকর সেখানে ত্রাণকর্তা নন; বরং এমন একজন সঙ্গী, যিনি তার পাশে দাঁড়ান, কিন্তু তার হয়ে জীবনটা নিয়ন্ত্রণ করতে চান না।
কেন আবু বকরকে নিয়ে এত মাতামাতি?
এবার আসা যাক মূল প্রশ্নে। কেন আবু বকরকে নিয়ে এত আলোচনা? কেন তার একটি ছোট্ট দৃশ্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়?
এর উত্তর খুঁজতে গেলে আমাদের সমাজে নারী-পুরুষের সম্পর্কের প্রচলিত বাস্তবতার দিকে তাকাতে হবে।
ছোটবেলা থেকেই নারীদের অনেক ক্ষেত্রে শেখানো হয়, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মানিয়ে নিতে হয়। সঙ্গীর রাগ সামলাতে হয়, তার খারাপ সময় বুঝতে হয়, নিজের অভিমান চাপা দিয়ে ছাড় দিতে হয়। পুরুষের কঠিন দিন, মানসিক চাপ কিংবা মেজাজ খারাপের কারণ খুঁজে বের করার দায়িত্বও অনেক সময় নারীর ওপরই বর্তায়। সংসারে শান্তি বজায় রাখার নামে নিজের চাওয়া-পাওয়াকে সবার শেষে রাখার অভ্যাসও তৈরি হয় এভাবেই।
কিন্তু ‘দার-ই-নিজাত’-এ দর্শকরা দেখছেন এর কিছুটা উল্টো চিত্র। এখানে একজন নারী রাগ করছেন, অভিমান করছেন, কখনো কঠিন আচরণও করছেন। আর একজন পুরুষ সেই পরিস্থিতিতে ধৈর্য ধরছেন। নারী যখন কঠোর, তিনি তখন কোমল। নারী যখন নিজের আবেগ সামলাতে পারছেন না, তিনি তখন তাকে বোঝার চেষ্টা করছেন। সম্পর্কের প্রতিটি সংকটের দায় স্ত্রীর ওপর চাপিয়ে না দিয়ে নিজের ভুল স্বীকার করতেও দ্বিধা করছেন না।
এই দৃশ্যগুলো অনেক নারীকে নিজেদের সম্পর্কের কথা ভাবতে বাধ্য করছে। তারা হয়তো এমন একজন জীবনসঙ্গীর কথা কল্পনা করেন, যিনি স্ত্রীর হঠাৎ চুপ হয়ে যাওয়ার কারণ বুঝতে চাইবেন। অসুস্থ হলে কপালে হাত রাখবেন। কোনো উপলক্ষ ছাড়াই প্রশংসা করবেন। অতীতের ভুল কিংবা আবেগের মুহূর্তে বলা কথার হিসাব জমিয়ে রাখবেন না।
সারাক্ষণ অন্যদের দেখাশোনা করতে করতে অনেক নারীই একসময় ক্লান্ত হয়ে পড়েন। তাদেরও যে যত্ন প্রয়োজন, তাদেরও যে কখনো কারও কাছে আশ্রয় নিতে ইচ্ছে করে—সেই চাওয়াটা অনেক সময় অপ্রকাশিত থেকে যায়। আবু বকরের চরিত্রে তারা যেন সেই না-বলা চাওয়ারই একটি প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছেন।
তার ভালোবাসার প্রকাশও তাই এত সহজে মানুষের মনে জায়গা করে নিয়েছে। বাড়ি ফেরার পথে স্ত্রীর জন্য একটি বাড়তি টফি নিয়ে আসা, রাগের মাথায় ছুড়ে ফেলা ফোনটি তুলে দেয়া, প্যানিক অ্যাটাকের সময় হাত ধরে পাশে থাকা কিংবা স্ত্রীর স্বপ্ন পূরণে উৎসাহ দেয়া—এসবের কোনোটিই অসাধারণ বা ব্যয়বহুল কিছু নয়। এগুলো একটি সুস্থ সম্পর্কের সাধারণ আচরণ হওয়ার কথা।
কিন্তু বাস্তবে যখন এমন ছোট ছোট যত্নও অনেকের কাছে প্রত্যাশিত মাত্রায় পাওয়া যায় না, তখন সেগুলোই হয়ে ওঠে বিশেষ কিছু। যে আচরণগুলো সম্পর্কের মৌলিক সৌজন্য হওয়ার কথা, সেগুলোকেই আমরা ‘গ্রিন ফ্ল্যাগ’ বলে আলাদা করে চিহ্নিত করতে শুরু করি।
আবু বকর নিখুঁত বলেই নয়, নিরাপদ বলেই
আবু বকরকে নিয়ে এই উন্মাদনার পেছনে আরেকটি বিষয় কাজ করছে। নারীরা শুধু একজন সুদর্শন কিংবা রোমান্টিক পুরুষের প্রেমে পড়ছেন না। তারা এমন একজন মানুষের চরিত্রে মুগ্ধ হচ্ছেন, যার কাছে নিজেকে প্রমাণ করতে হয় না, ভালোবাসা পাওয়ার জন্য নিখুঁত হতে হয় না।
যিনি নিয়ন্ত্রণ না করে ভালোবাসেন, অতীত নিয়ে খোঁটা দেন না, ভুল হলে ক্ষমা চান এবং সঙ্গীর দুর্বল মুহূর্তগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন না। যার কাছে যত্ন কোনো অনুগ্রহ নয়, বরং সম্পর্কের স্বাভাবিক অংশ।
আবু বকর নিখুঁত কি না, সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে। নাটকের চরিত্র হিসেবে তার মধ্যে আদর্শায়নের ছাপও রয়েছে। কিন্তু তিনি যে ধরনের মানসিক নিরাপত্তা, সম্মান ও কোমলতার প্রতীক হয়ে উঠেছেন, সেটিই দর্শকদের আকৃষ্ট করছে।
হয়তো এ কারণেই ঢাকা থেকে দিল্লি, করাচি থেকে দুবাই—ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনের পার্থক্য পেরিয়ে আবু বকর সবার মন জয় করছেন। কারণ, ভালোবাসার ভাষা আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষের কাছে নিরাপদ বোধ করার আকাঙ্ক্ষা সর্বজনীন।
শেষ পর্যন্ত আবু বকর কেবল একটি নাটকের জনপ্রিয় চরিত্র নন। তিনি যেন অনেক নারীর অব্যক্ত প্রত্যাশার প্রতিচ্ছবি। এমন একজন মানুষ, যিনি ভালোবাসার নামে অধিকার ফলান না, বরং ভালোবাসার মধ্যেই সম্মান, সহমর্মিতা আর যত্নের জায়গা তৈরি করেন।
আর সেই কারণেই আবু বকর আজ এতটা আলোচিত। তিনি শুধু নারীদের নতুন ক্রাশ নন; অনেকের কাছে তিনি এমন এক সম্পর্কের প্রতীক, যেখানে ভালোবাসার পাশাপাশি স্বস্তি, সম্মান আর মানসিক নিরাপত্তাও থাকে।
—ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে





