১৭ দিন বন্ধ থাকার পর সোনা মসজিদ দিয়ে পাথর আমদানি শুরু

চাঁপাইনবাবগঞ্জ
সোনা মসজিদ স্থলবন্দর
অর্থনীতি
0

দীর্ঘ ১৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ মে) বেলা ১২টা থেকে ভারত থেকে পাথর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত ২০টি পণ্যবাহী ট্রাক সোনা মসজিদ পানামা পোর্টে প্রবেশ করে পাথর আমদানি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে স্থলবন্দরে পাথরের এলসি ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে টানা ১৭ দিন ধরে পাথর আমদানি বন্ধ ছিলো। গত ১৯ মে উভয় দেশের আমদানি ও রপ্তানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পাথরের টন প্রতি শুল্কায়ন মূল্য ১৪ ডলারে সমঝোতা হয়।

সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, বিগত দিনে প্রতি টন পাথর তারা সর্বোচ্চ ১৩ ডলার এলসি আমদানি করা হত। তবে হঠাৎ করে ভারতীয় কর্তৃপক্ষ পাথরের এলসি ভ্যালু আরও ২ ডলার বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় ক্ষোভে আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন:

তবে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সভায় বসে প্রতি মেট্রিক টন পাথরের মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের ফলে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘১৭ দিন পর স্থলবন্দরে পাথরবাহী ট্রাক প্রবেশ করেছে। দুপুর ১টা পর্যন্ত ২০টি ট্রাক পানামা পোর্টে এসেছে।’

এফএস