শিক্ষক সংকটে রাবিতে বাড়ছে সেশনজট, কমছে শিক্ষার মান

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

উচ্চশিক্ষার আন্তর্জাতিক মানদণ্ড ধরে রাখতে পারছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ছুটি নিয়ে শিক্ষকদের বিদেশযাত্রাসহ শিক্ষক সংকটে ঘটছে এমন ঘটনা। এতে একজন শিক্ষকের প্রতি দ্বিগুণ চাপ সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান, গবেষণা ও শিক্ষার গুণগত মান। বাড়ছে সেশনজট, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে শিক্ষার্থী রয়েছে ৩০ হাজারের অধিক। শিক্ষক আছেন ১ হাজার ২০০ এর অধিক। শিক্ষক পদের মধ্যে শূন্য পদ ৪৩৫টি। শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ১ জন শিক্ষকের বিপরীতে ৩৭ জন শিক্ষার্থী। প্রতিবছর শিক্ষার্থী বাড়লেও বাড়ছে না শিক্ষক। পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস, কোর্স সম্পন্ন করা এবং গবেষণার কাজেও তৈরি হচ্ছে নানা সীমাবদ্ধতা।

শিক্ষার্থীরা বলছে, যথেষ্ট শিক্ষকের অভাবে নির্ধারিত কোর্স-পরীক্ষা এবং ফলাফল সময় মতো না হওয়ায় বাড়ছে সেশনজট। শিক্ষার্থী অনুপাতে দ্রুত সময়ের মধ্যে মানসম্পন্ন শিক্ষক চান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে ডিপার্টমেন্টে শিক্ষক স্বল্পতা দেখা দিচ্ছে, যার ফলে রেগুলারলি ক্লাস হচ্ছে না। অ্যাকাডেমিক যে হ্যাম্পার হচ্ছে সেটার একটা প্রধান কারণ পর্যাপ্ত শিক্ষক না থাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবে বলে দাবি তাদের।

বিশ্বময় শিক্ষক-শিক্ষার্থীর গড় অনুপাত ২০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। সেই মানদণ্ড ধরে রাখতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাই, বেশকিছু আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘২৫ থেকে ৩০ জন বা তার চেয়েও বেশি স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আছে। তাহলে একজন শিক্ষক যদি কোনো রকমের পড়ার সুযোগ না পায়, ভাবার সুযোগ না পায়, লেখার সুযোগ না পায়, তাহলে সে কী জ্ঞান উৎপাদন করবে আর কী জ্ঞান প্রডিউস করবে, ছাত্রদেরকে কী পড়াবে?’

আরও পড়ুন:

বিভাগভিত্তিক চাহিদা অনুযায়ী, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষার মান, গবেষণা ও অ্যাকাডেমিক পরিবেশ স্বাভাবিক করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চান বিভাগ সংশ্লিষ্টরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ শুরু করতে পারি, তাহলে এই সমস্যাটা কেটে যাবে এবং আমাদের যে দীর্ঘদিনের সেশনজট আছে, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত যেটা অনেক বেশি অগ্রহণযোগ্য, সেটি হয়তো একটি গ্রহণযোগ্য জায়গায় আসবে।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটটের সভাপতি প্রফেসর ড. আকতার বানু বলেন, ‘বড় সংখ্যক ঘাটতি হওয়ার কারণে দীর্ঘদিন নিয়োগ হয়নি। আমি মনে করি যেটা খুব দ্রুত হওয়া দরকার। প্রশাসন যদি চেষ্টা করে, আমার মনে হয় খুব দ্রুতই এটা করে ফেলতে পারবে এবং যেটা দরকার।’

দীর্ঘদিন শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় জটিলতা তৈরি হয়েছে। শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে উপযোগী ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ করার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. আব্দুল আলিম বলেন, ‘শিক্ষক নীতিমালার রেজাল্ট, তার রিটেন টেস্ট, ডেমোনস্ট্রেশন এবং ভাইবা; এর সম্বলিত রেজাল্টের মাধ্যমে আমরা শিক্ষক নিয়োগ দিবো। যাতে অধিকতর স্বচ্ছতার সাহায্যে আমরা শিক্ষক সিলেকশন করতে পারি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম বলেন, ‘কোয়ালিটি টিচার নেয়ার ক্ষেত্রে আমাদের প্রশাসন সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা সেই দিকেই এগোচ্ছি। সেই জিনিস বিষয়গুলি সম্পূর্ণ রূপে সমাধানের জন্য আমরা বদ্ধপরিকর। আমরা অনেকটাই পেরে উঠেছি। অতি সম্প্রতি মানে কয়েকদিনের মধ্যেই আমরা সেই রিক্রুটমেন্ট আমরা চলে যাব।’

শিক্ষক-শিক্ষার্থীর ভারসাম্যপূর্ণ অনুপাত নিশ্চিত করা উচ্চশিক্ষার অন্যতম শর্ত। সেই শর্ত পূরণে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দ্রুত ও স্বচ্ছ নিয়োগের উদ্যোগ চান সংশ্লিষ্টরা।

এফএস