কাতারের কারাগারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

প্রবাসী শ্রমিক
প্রবাস
0

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে কাতারে যান কিছু স্বপ্নবাজ যুবক। কিন্তু বিভিন্ন মামলায় তারা এখন দেশটির কারাগার বন্দিজীবন পার করছেন। তাদের মুক্তির আশায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ছুটে এসেছেন পরিবারের সদস্যরা। স্বজনদের দাবি, কাতারের বিভিন্ন কারাগারে সাজাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন অন্তত দুই শতাধিক বাংলাদেশি। জেলাপর্যায়ে সরকারি দপ্তরে দীর্ঘদিন ঘুরেও সহায়তা না পাননি তারা।

চট্টগ্রাম থেকে শাশুড়িকে সঙ্গে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসেছেন ফারজানা জেনি। প্রায় এক বছর ধরে কাতারের কারাগারে বন্দি তার স্বামী জামশেদ। স্বামীর মুক্তির আশায় প্রথমে চট্টগ্রামের প্রবাসী কল্যাণ সেন্টারে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে প্রত্যাশিত সহায়তা না পেয়ে এবার ঢাকায় এসেছেন এই নারী।

ফারজানা জেনি বলেন, ‘এভাবে সবার সঙ্গে যোগাযোগ হয়ে আমরা একত্রিত হয়ে একটা উদ্যোগ নিছি। আমরা যার যার জায়গা থেকে প্রবাসী মন্ত্রণালয়ে যোগাযোগ করি।’

জামশেদের মতো প্রায় ১০ মাস ধরে কাতারের কারাগারে বন্দি সুনামগঞ্জের নাজিম উদ্দিনও। ছেলের মুক্তির আশায় তার মা খোসনামা বেগম এবং স্ত্রী নাহিদা বেগম এসেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তায় দিশেহারা পরিবারটি।

নাহিদা বেগম বলেন, ‘তারে পাকিস্তানি লোক এক ডেলিভারি কাজ করার জন্য দিয়েছিল। আর ও ডেলিভারি কাজ করার পরে আমার ভাই ধরা পড়ে যায়।’

শুধু এই দুই পরিবার নয়, কাতারের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি কর্মীদের মুক্তির দাবিতে মন্ত্রণালয়ে এসেছেন প্রায় ৪০টি পরিবারের সদস্য। বন্দিকর্মীদের অধিকাংশই মাদক ও অবৈধ মালামাল বহনের দায়ে আটক হয়েছেন। দেশটির আইন অনুযায়ী তাদের গড়ে সাজা হয়েছে ১০ থেকে ১৫ বছর। স্বজনদের দাবি, কারাগারে সাজাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন প্রায় ২০০ বাংলাদেশি।

আরও পড়ুন:

পরিবারগুলোর অভিযোগ, নিজ নিজ জেলার প্রবাসী কল্যাণ সেন্টারে দিনের পর দিন ঘুরেও পাননি কার্যকর সহযোগিতা। বাধ্য হয়ে রাজধানীতে এসেছেন তারা। ভাষাগত সীমাবদ্ধতার কারণে গ্রেপ্তারের পর নিজেদের বক্তব্যও যথাযথভাবে তুলে ধরতে পারেননি অনেকে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সাত আট মাস ধরে কেউ কেউ কাতার দোহা সেন্টার জেলখানায় রয়েছে। কী আইনে কীভাবে শাস্তি হইছে এটাও অনেকে জানেন না।

তবে পরিবারগুলোর লিখিত আবেদন সংশ্লিষ্ট দূতাবাস পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা এরই মধ্যে বেশ কিছু আবেদন পেয়েছি। সেগুলা আমরা সঙ্গে সঙ্গেই আমরা সংশ্লিষ্ট দূতাবাসে পাঠিয়ে দিয়েছি। আমাদের যে কাউন্সিলর লেবার আছে ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা যেন পাঠিয়ে দিয়েছি।’

কেন গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি কর্মীরা, তা কাতারের প্রশাসন ও বিচারিক প্রক্রিয়ার বিষয়। তবে দূতাবাসের মাধ্যমে খোঁজ নিয়ে আইনগত প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘দূতাবাসের মাধ্যমে আগে খোঁজখবর নিতে হবে। এখানকার তাদেরকে কি ধরনের আইনি সহায়তা দেয়া যায় সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে, আইনগত প্রক্রিয়ায় তাদের জন্য যতটুকু করা যায় সেইটুকু আমরা করতে পারব।’

প্রতি বছর ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবস উপলক্ষে দেশটির আমিরের বিশেষ ক্ষমার আওতায় কিছু বন্দির মুক্তির সুযোগ তৈরি হয়। এবার সেই সুযোগে সাজাপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের মুক্তির বিষয়টি বিবেচনার জন্য কাতার সরকারের সাথে যোগাযোগের অনুরোধ জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এফএস