বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় বিপন্ন জনজীবন, দূষণ রোধে নজরদারি বাড়ানোর তাগিদ

বর্জ্যভূমিতে ধুলা ও ধোঁয়া
পরিবেশ ও জলবায়ু
0

বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঢাকার বায়ুমান। দূষণে অতিষ্ঠ নগরবাসী। শিগ্‌গিরই বর্জ্য পোড়ানো বন্ধ করাসহ নগরের দূষণ রোধে নজরদারির তাগিদ পরিবেশবাদীদের। এদিকে, দুই সিটির নগর প্রশাসক বলছেন, দূষণ রোধ ও বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির পাইলট প্রকল্প নিয়ে কাজ শুরু করবে সিটি করপোরেশন।

প্রকৃতিতে যখন ফাল্গুনের আবহ, তখন ঢাকার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। বর্জ্য পোড়ানোর এই ধোঁয়ায় ঢাকার বায়ুমান বিপজ্জনক অবস্থায়। যা পরিবেশকে ফেলছে হুমকির মুখে।

দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মাতুয়াইল ল্যান্ড ফিল্ডে পুড়ছে প্লাস্টিক, পলিথিনসহ নানা বর্জ্য। যার দূষণে অতিষ্ঠ আশপাশের এলাকার হাজারো মানুষ। প্রাচীর ঘেঁষা আবাসিক এলাকায় দূষণের কারণে ঘরের জানালা পর্যন্ত খুলতে পারেন না বেশিরভাগ বাসিন্দা।

বর্জ্য পোড়ানোর পাশাপাশি শুষ্ক মৌসুমে ধুলা আর বিষাক্ত গ্যাসের প্রভাবে চরমে পৌঁছেছে ঢাকার বায়ুমান। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স বলছে, বিশ্বের প্রায় ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে অবস্থানে ঢাকা। সম্প্রতি নগরীর বায়ুমান ছাড়িয়ে গেছে ৩০০ স্কোর, যা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। এমন অবস্থায় নগরীতে বর্জ্য পোড়ানো বন্ধ করাসহ দূষণের উৎস চিহ্নিত করে নজরদারি বাড়ানোর তাগিদ পরিবেশবাদীদের।

পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘যেগুলো বর্তমানে ডাম্পিং সাইট ছাড়া আর কিছুই না সেগুলো তৈরি করা হয়েছিল স্যানিটারি ল্যান্ড ফিল্ড হিসাবে, অর্থাৎ বর্জ্যকে সেখানে নিয়ে গিয়ে আলাদা করা এবং প্লাস্টিক বর্জ্য, ডিগ্রেডেবল বর্জ্য, মেটাল বর্জ্য আলাদা করে সেখানে রিইউজ ও রিসাইকেলিংয়ের ব্যবস্থা করার কথা ছিল। তবে দুঃখজনক বিষয় হলো আমরা পুরো শুষ্ক মৌসুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ক্রমাগত এই বর্জ্যগুলোকে আগুন দিয়ে পোড়াতে দেখতে পাচ্ছি। আশা করছি এই বর্জ্যগুলো নতুন সরকার ব্যবস্থাপনার আওতায় আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।’

আরও পড়ুন:

রাজধানীর দূষণ কমানোসহ পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর আশ্বাস দুই সিটি করপোরেশনের। পরিবেশের সুরক্ষায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান তারা।

ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আগুন দিয়ে আর পোড়ানো হবে না এটা আমি আপনাদের বলতে পারি। আর আমরা রিসাইকেলিংয়ের ব্যবস্থা করছি। অতিসত্বর পাইলট প্রকল্প হিসাবে দুই-তিনটা ওয়ার্ডে  আমরা এ প্রকল্প চালু করবো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘কোনো এলাকায় বর্জ্য পোড়ানো হচ্ছে এমন কোনো কাজ যদি আপনাদের দৃষ্টিগোচর হয়ে থাকে তাহলে আমাদের জানাবেন। আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা এটা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো।’ 

শুধু শুষ্ক মৌসুমেই নয়, বছরজুড়ে নানা দূষণে ঢাকার বায়ুমান ঠেকেছে তলানিতে। এমন বাস্তবতায় পরিবেশকে জনবান্ধব করে তুলতে সমন্বিত উদ্যোগের পরামর্শ পরিবেশবাদী ও নগরবাসীর।

এএম