বিশ্বজুড়ে গেমাররা যখন জিটিএ সিক্স খেলার জন্য বসের কাছ থেকে ছুটি নেয়ার উপায় খুঁজছেন, তখন জনপ্রিয় গেম পালওয়ার্ল্ডের নির্মাতা প্রতিষ্ঠান পকেটপেয়ার নিজেরাই কর্মীদের ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ছুটি দিয়েছে। প্রতিষ্ঠানটি মজা করে এই ছুটিকে গেমের কাল্পনিক শহর ভাইস সিটিতে জরুরি ব্যবসায়িক সফর হিসেবে বর্ণনা করেছে। গেমিংয়ের নতুন যুগ উদ্যাপনে কর্মীদের অফিসে বসে একসঙ্গে খেলার অথবা বাড়িতে গিয়ে একটানা খেলার পূর্ণ স্বাধীনতা দেয়া হয়। এর আগে বুধবার রাতে টোকিওর বিখ্যাত শিবুয়া ক্রসিংয়ের বিশাল ডিজিটাল বিলবোর্ডগুলোতেও জিটিএ সিক্সের গ্রাফিকস প্রদর্শিত হয়।
বৃহস্পতিবার টোকিওর অফিসে সহকর্মীদের উদ্দেশে শ্যাম্পেইনের গ্লাস উঁচিয়ে পকেটপেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকুরো মিজোবে বলেন, ‘জিটিএ সিক্স, যে গেমটির জন্য আমরা সবাই বছরের পর বছর অপেক্ষা করেছি, তা অবশেষে চলে এসেছে! চলুন পরে একসঙ্গে খেলা যাক।’
বিশেষ এই ছুটি দেয়ার কারণ ব্যাখ্যা করে মিজোবে বলেন, ‘জিটিএ সিক্স প্রকাশের দিন যত ঘনিয়ে আসছিল, কর্মীরা আকারে-ইঙ্গিতে বলছিলেন যে এর জন্য কি আমরা ছুটি পাচ্ছি না? গেমটি প্লেস্টেশন ৫ ও এক্সবক্সে আসছে। যাদের কাছে এসব কনসোল আছে তারা বলতে শুরু করলেন, যেহেতু আমরা এটি খেলবই, তাই আমাদের ছুটি দিতেই হবে। তাই গুরুত্বের সঙ্গে ভেবেচিন্তে আমরা এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিই।’
বিপুলসংখ্যক কর্মী ছুটিতে যাওয়ায় ব্যবসায়িক কাজ সাময়িকভাবে কিছুটা ব্যাহত হতে পারে বলে স্বীকার করেন মিজোবে। তবে ১৩ বছরের অপেক্ষার পর এমন একটি আলোড়ন তোলা গেমের জন্য এই ঝুঁকি নেয়া সার্থক উল্লেখ করে তিনি বলেন, ‘একজন গেম নির্মাতার দৃষ্টিকোণ থেকে অন্য গেম দেখে শেখার এবং নিজেদের কাজ উন্নত করার অনেক কিছু আছে। তবে একজন গেমার হিসেবে সত্যি বলতে, এমন অসাধারণ একটি গেম বাজারে আসার পর আমি কেবল এটি খেলতেই চাই।’
অফিসে সুশি খেতে খেতে ও সহকর্মীদের সঙ্গে বড় পর্দায় গেম খেলতে খেলতে পকেটপেয়ারের ৩১ বছর বয়সী গেম ডিজাইনার কাজুমাসা তাশিরো বলেন, ‘আমি হাসতে হাসতে লুটোপুটি খেয়েছি! একা খেলা অবশ্যই দারুণ মজার, কিন্তু চারপাশের মানুষের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে খেলার অনুভূতিই আলাদা। বাস্তব জীবনে যা করা যায় না, যেমন মানুষকে ঘুষি মারা বা গুলি ছোড়া, তা এখানে করা যায়। অ্যাকশন গেমে আমি খুব একটা দক্ষ নই, কিন্তু খেলার সময় আমার দক্ষতা নিয়ে সবার ঠাট্টা-মশকরা বিষয়টাকে আরও আনন্দদায়ক করে তুলেছে।’
কোম্পানির এক্স অ্যাকাউন্টে পোস্ট দেখে প্রথম ছুটির খবর জানতে পারেন তাশিরো। প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তের প্রশংসা করে তিনি হাসতে হাসতে বলেন, ‘সত্যিই এটি কোম্পানির দারুণ একটি পদক্ষেপ। আজ যদি আমাদের কাজ করতে হতো, তবে হয়তো আমি নিজেই অফিসে হাঙ্গামা বাধিয়ে দিতাম। তাই বলা যায়, বড় বিপদ থেকে বাঁচা গেছে।’
কয়েক দশকের মধ্যে এবারই প্রথম জিটিএ সিরিজে লুসিয়া নামের এক নারীকে প্রধান চরিত্র হিসেবে যুক্ত করা হয়েছে, যা গেমটির আবেদন আরও বাড়িয়েছে। সহকর্মীদের সঙ্গে গেমটি খেলে দেখার পর পকেটপেয়ারের ৩০ বছর বয়সী নারী কর্মী সুজুনা ওনোদা বলেন, ‘মানুষের ওপর গাড়ি চালিয়ে দেয়া বা মারধরের মতো নিষ্ঠুর বিষয়গুলো থাকায় শুরুতে আমার মনে হয়েছিল এটি মূলত পুরুষ খেলোয়াড়দের জন্য। কিন্তু খেলার পর মনে হচ্ছে, নারীরাও এটি দারুণ উপভোগ করতে পারবেন। কাউকে পেটানোর এই সুযোগ নারীদের মানসিক চাপ কমাতেও দারুণ কাজ করবে।’
প্রতিষ্ঠানটির ২৮ বছর বয়সী আরেক গেম ডিজাইনার কিম মিনজায়ে বলেন, ‘জিটিএ ফাইভ ১৩ বছর আগে এসেছিল, কিন্তু সেটি এখনো এতটাই জনপ্রিয় যে কখনো পুরোনো মনে হয়নি। তবে আজ জিটিএ সিক্স খেলার পর এর উন্নত মান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। জিটিএ ফাইভের চেয়েও কোনো গেম আরও এগোতে পারে বলে আমি ভাবিনি, তাই এই অগ্রগতি সত্যিই চমৎকার।’
বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানেও গেমিং ছুটি
কেবল জাপানের পকেটপেয়ার নয়, বিশ্বের আরও অনেক প্রতিষ্ঠান দিনটিকে বিশেষভাবে উদ্যাপন করছে। কম্পিউটারের যন্ত্রাংশ নির্মাতা বহুজাতিক প্রতিষ্ঠান লজিটেক তাদের শিক্ষানবিশসহ প্রায় ৭ হাজার কর্মীর জন্য লগি গেম ডে নামের এক দিনের সবেতন ছুটি ঘোষণা করেছে। কর্মীরা ১৯ নভেম্বর অথবা আগামী এক বছরের মধ্যে যেকোনো দিন নিজেদের পছন্দের যেকোনো ভিডিও গেম খেলার জন্য এই ছুটি কাটাতে পারবেন।
ভারতের ইলেকট্রনিকস ব্র্যান্ড বোট ১৯ নভেম্বর কর্মীদের জন্য ঐচ্ছিক ছুটি এবং গেম প্রকাশের আগে আরও এক দিনের বাড়তি ছুটি ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা কর্মীদের জানায় যে তাদের ভাইস সিটির ছুটি অনুমোদন করা হয়েছে। ভারতের চেন্নাইভিত্তিক প্রতিষ্ঠান ইন্ডে বাই চেয়ার্সকার্টও তাদের কর্মী, শিক্ষানবিশ ও ফ্রিল্যান্সারদের জন্য বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কিশোর শানমুগাম জানান, ভাইস সিটি ও জিটিএ ফাইভের পুরোনো স্মৃতির টানেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরেক ভারতীয় প্রতিষ্ঠান ইনফ্লুইশ তাদের ৫০ জন কর্মীকে সবেতন ছুটি দিয়েছে এবং যাদের প্লেস্টেশন ৫ নেই, তাদের অফিসে এসে খেলার সুযোগ করে দিয়েছে।
এদিকে কর্মীদের কাছ থেকে অস্বাভাবিক সংখ্যক ছুটির আবেদন পাওয়ায় কানাডার ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান এডিসন মোটরস দুই দিনের জন্য তাদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে লিগ অব লিজেন্ডস ও ভ্যালোরেন্টের নির্মাতা স্টুডিও রায়ট গেমস অফিস বন্ধ না করলেও কর্মীদের জন্য অফিসেই গেম খেলার ব্যবস্থা ও বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছে, যাতে তারা বিরতির সময় ও কাজের শেষে খেলতে পারেন। বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে কর্মীদের গণহারে ছুটির আবেদন বা অপ্রত্যাশিত অনুপস্থিতি এড়াতে অনেক প্রতিষ্ঠান বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবেই আগেভাগে এই ছুটি দিয়েছে।
হলিউডকেও ছাড়িয়ে যাওয়া বাণিজ্যিক সাফল্য
রকস্টার গেমসের তৈরি এই গেমটি বাণিজ্যিক দিক থেকে হলিউডের বড় চলচ্চিত্রকেও ছাড়িয়ে গেছে। এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের তথ্যমতে, ২০১৩ সালে প্রকাশিত এর আগের সংস্করণ জিটিএ ফাইভ প্রথম ২৪ ঘণ্টায় ৮০ কোটি ডলারের ব্যবসা করেছিল এবং এখন পর্যন্ত এর প্রায় ২৩ কোটি ৫০ লাখ কপি বিক্রি হয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, প্রকাশের আগেই গত ১৩ নভেম্বর পর্যন্ত ১ কোটি ২১ লাখ ডিজিটাল প্রাক্-ফরমায়েশ (প্রি-অর্ডার) থেকে জিটিএ সিক্স আনুমানিক ১১৮ কোটি ডলার আয় করেছে। এই আয় দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভির বিশ্বব্যাপী বক্স অফিসের মোট আয়কেও (১০১ কোটি ডলার) ছাড়িয়ে গেছে। সেন্সর টাওয়ারের আরেক হিসাবে দেখা যায়, বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত গেমটির বিক্রি দাঁড়ায় প্রায় ১ কোটি ৭১ লাখ ইউনিটে।
বিনিয়োগ প্রতিষ্ঠান ওপেনহাইমারের বিশ্লেষকদের ধারণা, প্রথম তিন দিনেই জিটিএ সিক্স থেকে ১৮৫ কোটি ডলার মোট আয় হতে পারে, যেখানে জিটিএ ফাইভের প্রাথমিক আয় ছিল ১০০ কোটি ডলার। আরেক প্রতিষ্ঠান ওয়েলস ফার্গো পূর্বাভাস দিয়েছে, ২০২৭ সালের মার্চ পর্যন্ত টেক-টুর চলতি অর্থবছরে গেমটির প্রায় ৬ কোটি ৫০ লাখ কপি বিক্রি হতে পারে। প্রাথমিক পর্যালোচনায় মেটাক্রিটিকে গেমটি ৯৯ স্কোর পেয়েছে। ইতিবাচক সাড়ার পর ১৮ নভেম্বর টেক-টু ইন্টারঅ্যাকটিভের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার ভাইস সিটির পটভূমিতে তৈরি এই গেমে লুসিয়া ছাড়াও আরেক প্রধান চরিত্র হিসেবে রয়েছে জেসন।
—ফার্স্টপোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অবলম্বনে
 VI at the company office in Tokyo-768x402.webp)




