দিবাস্বপ্ন বুঝেন? এর ‘অন্ধকার দিক’ জানা যে কারণে জরুরি

প্রতীকী ছবি
ফিচার
স্বাস্থ্য
0

প্রচলিত ধারণার বিপরীতে দিবাস্বপ্ন মানুষের জন্য বেশ উপকারী হতে পারে। এটি কেবল আনন্দ দেয়া বা একঘেয়েমি দূর করার মাধ্যমই নয়; গবেষণায় দেখা গেছে, মানসিকভাবে বর্তমান থেকে ক্ষণিকের জন্য দূরে সরে যাওয়ার এই ক্ষমতা সৃজনশীলতা, সমস্যা সমাধান ও পরিকল্পনার দক্ষতা বাড়াতে পারে। এমনকি এটি একাকিত্ব দূর করতেও সহায়ক। কিন্তু অতিরিক্ত দিবাস্বপ্ন দেখার প্রবণতা অনেক সময় প্রাত্যহিক স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বর্তমানে যে কাজটি করা হচ্ছে তার বাইরে অন্য কোনো চিন্তা করাকে যদি দিবাস্বপ্ন হিসেবে ধরা হয়, তবে তা আমাদের জেগে থাকা সময়ের একটি বড় অংশ দখল করে রাখে। দৈবচয়ন ভিত্তিতে মানুষের ওপর জরিপ চালালে দেখা যায়, জেগে থাকা সময়ের গড়ে প্রায় ৩০ শতাংশই কাটে দিবাস্বপ্নে। এটি আমাদের প্রতিদিনের সচেতন অভিজ্ঞতারই একটি অংশ। একে মস্তিষ্কের স্বাভাবিক বা ডিফল্ট অবস্থা হিসেবেও ধরা যেতে পারে। বিশেষ করে ধোয়া কাপড় মেলে দেয়ার মতো সাধারণ কাজ, যেখানে মস্তিষ্কের খুব বেশি শক্তির প্রয়োজন হয় না, সেসব করার সময় মানুষ নিজের অজান্তেই কল্পনায় ডুবে যায়।

তবে ধারণা করা হয়, প্রাপ্তবয়স্কদের মধ্যে ২ দশমিক ৫ শতাংশ মানুষ একধরনের অতিরিক্ত দিবাস্বপ্ন দেখার অভিজ্ঞতার মধ্য দিয়ে যান, যাকে মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিং বা অপরিণত দিবাস্বপ্ন নামের মানসিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। এতে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের অজান্তেই অত্যন্ত জীবন্ত কল্পনা ও দিবাস্বপ্নের কাহিনিতে এত বেশি ডুবে থাকেন যে তা তাদের প্রাত্যহিক জীবনের স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে।

সাধারণ দিবাস্বপ্নের সঙ্গে মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ের বেশ কিছু পার্থক্য রয়েছে। সাধারণ দিবাস্বপ্ন হয় ক্ষণস্থায়ী, যা কেবল কয়েক সেকেন্ড স্থায়ী হতে পারে। কিন্তু মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ে আক্রান্ত ব্যক্তিরা একটানা কয়েক ঘণ্টা একটি দিবাস্বপ্নের ভেতর কাটিয়ে দিতে পারেন। এক গবেষণায় দেখা গেছে, এতে আক্রান্ত ব্যক্তিরা তাদের জেগে থাকা সময়ের গড়ে অন্তত অর্ধেকটা সচেতনভাবে তৈরি করা কল্পনার জগতে ডুবে থাকেন। এই কাল্পনিক জগতগুলো প্রায়ই বেশ সমৃদ্ধ ও বিচিত্র হয়, যার ভেতরকার জটিল কাহিনি ও ঘটনাপ্রবাহ বছরের পর বছর ধরে চলতে থাকে।

আক্রান্তদের কাছে কল্পনার এই জগৎ অত্যন্ত জীবন্ত ও আনন্দদায়ক মনে হয়। ফলে এই কল্পনা চালিয়ে যাওয়ার তাগিদটি একসময় বাধ্যবাধকতা ও আসক্তিতে রূপ নেয়। মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ের ক্ষেত্রে দিবাস্বপ্ন দেখার তীব্র আকাঙ্ক্ষা কাজ করে এবং তা সম্ভব না হলে বা বাধাগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বিরক্ত হন। বেশিরভাগ মানুষই দিবাস্বপ্ন দেখা থামানো বা এর সময় কমিয়ে আনার বিষয়টিকে কঠিন বলে মনে করেন।

শারীরিক ও সামাজিক চাহিদাকে উপেক্ষা করে বিকল্প বা কাল্পনিক বাস্তবতায় সময় কাটানোকে প্রাধান্য দেয়ার কারণে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ে আক্রান্ত অনেকেই মানসিক কষ্ট, ঘুমের সমস্যা এবং নিজেদের এই দিবাস্বপ্ন দেখার প্রবণতা নিয়ে লজ্জাবোধ করার কথা জানান। ফলে বিষয়টি তারা অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন।

গভীর দিবাস্বপ্ন এবং জীবন্ত কল্পনার প্রবণতা মানেই যে তা সব সময় ক্ষতিকর বা মালঅ্যাডাপ্টিভ, তা নয়। দিবাস্বপ্ন তখনই মালঅ্যাডাপ্টিভ হয়ে ওঠে, যখন তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, বাস্তব জীবনের চেয়ে দিবাস্বপ্ন দেখার সময় বেশি প্রাধান্য পায় এবং কল্পনায় ডুবে থাকার এই তাড়না জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য ও সম্পর্কগুলোকে বাধাগ্রস্ত করে।

গবেষকদের ধারণা, যারা মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ে ভোগেন, তাদের মধ্যে হয়তো গভীর কাল্পনিক জগৎ তৈরির একটি সহজাত ক্ষমতা থাকে। অনেকেই শৈশবে নিজেদের এই ক্ষমতার বিষয়টি আবিষ্কার করেন এবং বুঝতে পারেন যে মানসিক কষ্ট নিয়ন্ত্রণে কল্পনা ও দিবাস্বপ্ন ব্যবহার করা যায়। মনের ভেতর একটি স্বস্তির জগৎ তৈরি করে তারা বাস্তবতা থেকে পালিয়ে বাঁচতে পারেন।

শৈশবে কল্পনার জগৎ তৈরির ক্ষমতা আবিষ্কার করলেও আক্রান্ত সবাই যে পরিস্থিতি মোকাবিলার কৌশল হিসেবে দিবাস্বপ্ন ব্যবহার করেন, তা নয়। উদাহরণস্বরূপ, দিবাস্বপ্ন তিক্ত বাস্তবতা থেকে মনোযোগ সরিয়ে নিতে পারে, যা মানসিক আঘাত বা ট্রমা, জীবনের কঠিন ঘটনা বা সামাজিক বিচ্ছিন্নতার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। কিন্তু এমনটি করার ফলে মানুষ বাধ্যতামূলক কল্পনার এক দুষ্টচক্রে জড়িয়ে পড়তে পারে। সেখানে নেতিবাচক আবেগ এড়াতে কল্পনার আশ্রয় নেয়ার ফলে দিবাস্বপ্ন দেখার তাড়না আরও বেড়ে যায়।

নানা দিক থেকেই দিবাস্বপ্ন তখন একটি আসক্তিমূলক আচরণে পরিণত হয় এবং যেসব সমস্যা কমানোর জন্য এর আশ্রয় নেয়া হয়েছিল, এটি উল্টো সেগুলোকেই আরও উসকে দেয়। খুব স্বাভাবিকভাবেই মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ের পাশাপাশি অন্যান্য মানসিক সমস্যাও দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এডিএইচডি, উদ্বেগ, বিষণ্নতা এবং অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি)।

ওসিডি এবং মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ের মধ্যে জোরালো সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এক গবেষণায় দেখা গেছে, মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ে আক্রান্তদের অর্ধেকের বেশি মানুষের মধ্যে ওসিডির লক্ষণও ছিল। এটি এই দুই মানসিক সমস্যার মধ্যে সম্ভাব্য অভিন্ন প্রক্রিয়ার ইঙ্গিত দেয়, যার মধ্যে অনাহূত চিন্তা, বিচ্ছিন্নতাবোধ এবং চিন্তার ওপর নিয়ন্ত্রণের অভাব রয়েছে।

অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিং নিয়ে আলোচনা ও মনোযোগ বাড়লেও মানসিক রোগ নির্ণয়ের নির্দেশিকায় এখনো এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি। এর অর্থ হলো, অনেক স্বাস্থ্য পেশাজীবীই এই সমস্যা সম্পর্কে অবগত নন। ফলে ভুল রোগ নির্ণয় বা লক্ষণগুলোকে গুরুত্ব না দেয়ার মতো ঘটনা ঘটে, যা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও বেশি মানসিক কষ্ট, বিচ্ছিন্নতা ও লজ্জাবোধ তৈরি করে। এ কারণে অনেকেই সহমর্মিতা ও স্বীকৃতির জন্য বিভিন্ন অনলাইন ফোরামের শরণাপন্ন হন।

মানসিক সমস্যা হিসেবে মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিংয়ের স্বীকৃতি না থাকার আরেকটি অর্থ হলো, এর চিকিৎসা সম্পর্কে খুব কমই জানা গেছে। তবে পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত একটি কেস স্টাডিতে দেখা গেছে, ২৫ বছর বয়সী এক তরুণ তার প্রতিদিনকার দিবাস্বপ্ন দেখার সময় অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। কগনিটিভ বিহেভিওরাল থেরাপি এবং মাইন্ডফুলনেসের মতো মনস্তাত্ত্বিক চিকিৎসার সমন্বয়ে ৬ মাসের মধ্যে তার দিবাস্বপ্ন দেখার সময় দৈনিক প্রায় ৩ ঘণ্টা থেকে দেড় ঘণ্টার নিচে নেমে আসে।

এই চিকিৎসায় দিবাস্বপ্ন তার কাছে কতটা আনন্দদায়ক মনে হতো সে অনুভূতিতে পরিবর্তন না এলেও, কর্মক্ষেত্র ও সামাজিক জীবনে নিজের কার্যকারিতা এবং ভেতরকার আসক্তির ক্ষেত্রে উন্নতির কথা জানান ওই তরুণ। আশা করা হচ্ছে, মালঅ্যাডাপ্টিভ ডেড্রিমিং সম্পর্কে স্বীকৃতি ও ধারণা বাড়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগীদের জন্য চিকিৎসার আরও সুযোগ তৈরি হবে।

এএম