বন্ধ আকাশপথ: ঈদে দেশে ফেরা অনিশ্চিত বহু কুয়েত প্রবাসীর

ঈদে দেশে ফেরা অনিশ্চিত বহু প্রবাসী
প্রবাস
0

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে কুয়েতের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় এবারের ঈদের ছুটিতে দেশে ফেরা এখনও অনিশ্চিত বহু মধ্যপ্রাচ্য প্রবাসীর। কয়েকমাস আগে টিকিট কেটেও ফ্লাইট বাতিলের কারণে বিপাকে তারা। ভ্রমণে গিয়েও আটকে আছেন কেউ কেউ। ফ্লাইট চালু হওয়া পর্যন্ত যাত্রীদের অপেক্ষার অনুরোধ ট্রাভেল এজেন্টদের।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের জেরে বন্ধ কুয়েতের আকাশপথ। মধ্যরাতে এখনও বেজে উঠে সাইরেনের শব্দ। ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কের মাঝেই ঘনিয়ে আসছে ঈদ। এমন অবস্থায় ঈদের ছুটিতে দেশে ফেরা অনিশ্চিত বহু প্রবাসীর। অনেকে দুই থেকে তিন মাস আগে টিকিট কেটেও ফ্লাইট বন্ধ থাকায় পড়েছেন বিপাকে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, অনেক দিন আগেই টিকিট কাটা হয়েছিলো শুধু মাত্র যুদ্ধের কারণে এখন দেশে আসতে পারছেন না।

আরও পড়ুন:

রমজানের আগে অনেকেই কুয়েতে ভ্রমণের উদ্দেশে পরিবার নিয়ে গেছেন। তাদেরও ফেরার কথা ঈদে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়ে তাদেরও ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তবে কুয়েত সরকার ছুটির মেয়াদ ১ মাস বাড়ানোয় কিছুটা স্বস্তিতে প্রবাসীরা। প্রবাসীরা আরও জানান, ভিসার মেয়াদ বাড়লেও এখনো নিশ্চয়তা নেই কবে ফেরা যাবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পরিচালনা জন্য প্রস্তুত আছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সেই অনুযায়ী ট্রাভেল এজেন্সিগুলো যাত্রীদের ফ্লাইট চালু হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ দিচ্ছে। কোনো ধরনের বাড়তি ফি ছাড়াই একই টিকিটে ভ্রমণের নিশ্চয়তা দিচ্ছেন তারা।

এজেন্সির একজন বলেন, ‘যাদের ফ্লাইট ক্যানসেল হয়েছে তারা যে এজেন্সি থেকে টিকিট নিয়েছেন ওই এজেন্সির সঙ্গে যোগাযোগ করে কোনো ধরনের চার্জ ছাড়াই টিকিটের তারিখ পরিবর্তন করতে পারবেন। আর ওই টিকিটেই দেশে যেতে পারবেন।’

এদিকে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে চলাচলের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

জেআর