কানাডায় অবৈধ অভিবাসনে কড়াকড়ি; প্রথম ছয় মাসেই বহিষ্কার সাড়ে ১০ হাজার

কানাডার পতাকা
প্রবাস
0

কানাডাজুড়ে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোয় উদ্বেগ এখন নানা মহলে। ভারতীয় আর বাংলাদেশিরা রয়েছেন তালিকার প্রথম সারিতে। বছরের প্রথম ছয় মাসে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে বের করে দেয়ায়; এখন আগের চেয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

কানাডায় বসবাস ও স্থায়ী হওয়ার সুযোগ এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। নানা অভিযোগে উত্তর আমেরিকার এই দেশটি থেকে বের করে দেয়া হচ্ছে অবৈধ ব্যক্তিদের। কানাডার কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বলছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশটি থেকে মোট ১০ হাজার ৬০৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক- ৩ হাজার ৩২৩ জন।

যদিও ২০২৫ সালে এ সংখ্যা ছিলো ৩ হাজার ৭৭৯। অর্থাৎ, চলতি বছরের অর্ধেক সময়েই গত বছরের সংখ্যা ছাড়িয়ে গেছে। শঙ্কার বিষয় হলো বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। প্রথম ছয় মাসে ২২৭ জন বাংলাদেশি নাগরিককে কানাডা থেকে দেশে পাঠানো হয়। আরও অন্তত ৯৬৮ বাংলাদেশির প্রত্যাহার এখনো প্রক্রিয়াধীন।

কানাডা এখন অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করছে। অস্থায়ী বাসিন্দা কমানো, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীর সংখ্যা নিয়ন্ত্রণ- সব মিলিয়ে অভিবাসন নীতিতে এসেছে বড় পরিবর্তন। বৈধ স্ট্যাটাস না থাকা, অনুমোদিত সময়ের বেশি থাকা কিংবা অভিবাসন আইনের বিভিন্ন শর্ত পূরণ না হলে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর মতো কঠোর হচ্ছে মার্ক কার্নি সরকার।

এখনো বাংলাদেশিদের জন্য কানাডায় যাওয়ার সুযোগ থাকলেও নিয়ম ভেঙে থাকার অবস্থা ক্রমেই সংকুচিত হচ্ছে। কানাডায় স্বাস্থ্য; অবকাঠামোর মতো খাতে চাহিদা রয়েছে দক্ষ কর্মীর।

জেআর