দীর্ঘ বিরতির পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা
প্রবাস
0

দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে প্রবেশের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। ডিসেম্বর থেকেই কর্মী যাওয়া শুরু হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরই মধ্যে নতুন কর্মীদের অভিবাসন ব্যয় জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। অতীতে নির্ধারিত ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ খরচ হওয়ায় এবার অতিরিক্ত অর্থ আদায় বন্ধের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরাও চাইছেন, নতুন নিয়োগপ্রক্রিয়ায় যেন পুরনো অনিয়মের পুনরাবৃত্তি না হয়।

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ায় নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।

ডিসেম্বরেই প্রথম ফ্লাইট অনুষ্ঠিত হওয়ার আশাও করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত ব্যয়ের অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ২০২২-২৪ সময়ে মালয়েশিয়ায় আসতে একেকজন কর্মীকে সরকার নির্ধারিত ব্যয়ের চেয়ে গড়ে ছয় শতাংশেরও বেশি অর্থ খরচ করতে হয়েছে। তবে অতিরিক্ত অর্থ আদায় নিয়ে সংশয়ে প্রবাসীরা। নিয়োগের প্রতিটি ধাপে খরচের হিসাব প্রকাশ, বিশেষ মনিটরিং টিম গঠন এবং জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে তাদের।

একজন প্রবাসী বলেন, ‘মালয়েশিয়াতে একটা মনিটরিং টিম থাকবে দূতাবাসের পক্ষ থেকে, যেন প্রবাসীরা কোনোভাবেই হয়রানির শিকার না হয়, কোনোভাবেই যেন প্রতারিত শিকার না হয়। তারা যেন সঠিকভাবে এসে কাজ পায়, তারা যেন সঠিকভাবে এসে বাসস্থান পায়—এই জিনিসগুলো যেন সরকার খেয়াল রাখে।’

এদিকে মালয়েশিয়াগামী কর্মীদের কাছে এজেন্সিগুলো ৬ থেকে ৭ লাখ টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় স্বজনদের মালয়েশিয়ায় আনার সিদ্ধান্তও বাতিল করেছেন অনেকেই।

একজন মালয়েশিয়া প্রবাসী বলেন, ‘বাংলাদেশ সরকার সরকারিভাবে যে টাকাটা নির্ধারণ করছে, তার চেয়েও যদি কিছু টাকা বেশি নিয়ে তারা এই লোক পাঠাবার ব্যবস্থা করে, আমার মনে হয় সকল শ্রমিক উপকৃত হবে, অল্প টাকায় আসতে পারবে। আর অল্প টাকায় আসতে পারলেই সে বেনিফিটেড হবে।’

এবার সুশৃঙ্খল ও কর্মীবান্ধব নিয়োগব্যবস্থা গড়ে তুলবে ঢাকা-কুয়ালালামপুর। এমনটাই প্রত্যাশা সবার।

জেআর