ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ভবন ক্ষতিগ্রস্ত, মেয়রের দাবি ‘সরাসরি আঘাত’

আবিদ মঈন
তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থানে ইসরাইলি জরুরি সেবা কর্মীরা জড়ো হয়েছেন
বিদেশে এখন
0

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার পর মঙ্গলবার তেল আবিবে একটি ভবন ‘সরাসরি আঘাতে’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। ইসরাইলের জরুরি সেবাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় চারজনকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে। আল আরাবিয়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এএফপির এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, ইসরাইলের উপকূলীয় এই শহরের উত্তরের একটি অভিজাত এলাকায় হামলায় পুরোনো তিনতলা একটি ভবনের সামনের অংশ ভেঙে যায় এবং সড়কে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।তেল আবিবের মেয়র রন হুলদাই সাংবাদিকদের বলেন, ভবনটি ‘সরাসরি আঘাতে’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামরিক রেডিওসহ ইসরাইলের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ মনে করছে ক্ষয়ক্ষতি হয়েছে একটি ক্লাস্টার মিউনিশন ক্ষেপণাস্ত্রের আঘাতে। এতে তিন থেকে চারটি ওয়ারহেড ছিল, যার প্রতিটিতে প্রায় ১০০ কেজি বিস্ফোরক ছিল।

ইসরাইলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্টের ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। সংস্থাটি জানায়, তারা চারজনকে চিকিৎসা দিয়ে দ্রুত ছেড়ে দিয়েছে। এর আগে সামান্য আহতের সংখ্যা ছয় বলা হয়েছিল।

আরও পড়ুন:

ম্যাগেন ডেভিড অ্যাডমের একটি সূত্র জানায়, বিস্ফোরণে সৃষ্ট ছোট আগুনের পর ওই ব্যক্তিরা ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করেছিলেন।

ইসরাইলের সামরিক বাহিনী মঙ্গলবার এখন পর্যন্ত মধ্য ও দক্ষিণ ইসরাইলে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলার সাতটি সতর্কতা জারি করেছে। একই সঙ্গে উত্তরাঞ্চলে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা রকেটের অন্তত ছয়টি সতর্কতাও দেয়া হয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা ইরান থেকে আসা হামলার ৯০ শতাংশের কিছু বেশি প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ‘অভেদ্য’ নয় বলে সতর্কতা জারির সময় বাসিন্দাদের আশ্রয়ে যাওয়ার কথা নিয়মিতভাবে মনে করিয়ে দেয়া হয়।

পুলিশ জানায়, তেল আবিব জেলায় ‘অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একাধিক স্থানে’ বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়েছে। তবে আবাসিক ভবনে সরাসরি আঘাতের পর চিকিৎসা পাওয়া ওই চারজন ছাড়া আর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এএম