যুক্তরাষ্ট্রের কাছে পরমাণু প্রস্তাব পাঠালো ইরান

তেহরানে মার্কিনবিরোধী বিলবোর্ডের পাশ দিয়ে পথচারীরা হাঁটছেন
বিদেশে এখন
0

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে একটি পরমাণু প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে তেহরানের দেয়া সাতটি শর্ত ওয়াশিংটন পূরণ করার পরই কেবল এই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, মার্কিন প্রশাসন প্রস্তাবটি পর্যালোচনা করে দেখছে। তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে তথ্য দিতে তিনি অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দুদেশের মধ্যকার যুদ্ধ আবারও পূর্ণমাত্রায় গড়ায় কি না, তা নিয়ে উদ্বেগের মধ্যে যুদ্ধবিরতির উদ্দেশ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন মধ্যস্থতাকারীরা। এর আগে গত মঙ্গলবার ভোটের পর সামরিক অভিযান আবার শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সংঘাত আবার শুরু হলে আরও বড় পরিসরে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইরান।

এর আগে বৃহস্পতিবার রাশিয়া সফরকালে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি বলেন, ‘কূটনীতির প্রশ্নে আমরা আমেরিকানদের সাতটি শর্ত জানিয়ে দিয়েছি। যত দিন পর্যন্ত তারা আমাদের এই সাতটি শর্ত বাস্তবায়ন না করছে, তত দিন আমরা হরমুজ প্রণালি খুলব না এবং কোনো আলোচনায়ও বসব না।’

ইরানের দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্তি এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, প্রাথমিক যেকোনো আলোচনার অংশ হিসেবে পরমাণু বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইসরাইল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোয় হামলা চালায় ইরান। এরপর লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের সংঘাত শুরু হয় এবং তা ইয়েমেনে ছড়িয়ে পড়ে, যেখান থেকে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দরে হামলা চালিয়ে আসছে।

এএম