ইরানে হামলার হুমকি ট্রাম্পের; যুক্তরাষ্ট্রের কাছে ৭ দফা প্রস্তাব তেহরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

সম্প্রতি ফের ইরানে হামলা ও দেশটি ধ্বংসের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের দু’টি পারমাণবিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুর ইঙ্গিতও দিয়েছেন তিনি। যদিও এনিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৭ দাবিসহ একটি পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট প্রস্তাব পাঠানোর খবর মিলেছে। যা নিয়ে পর্যালোচনা করছে ওয়াশিংটন।

পরিস্থিতি যেমনই হোক। রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষতি হলেও ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। সম্ভবত যুদ্ধকেই একমাত্র সমাধান মনে করেন মার্কিন প্রেসিডেন্ট আর তাই ফের ইরানে হামলা ও দেশটি ধ্বংসের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প।

এবার ইরানের দু’টি পারমাণবিক স্থাপনায় হামলার লক্ষ্যবস্তুর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। মন্তব্য করেন, ইরানকে ‘ধ্বংস’ করতে হতে পারে। যা পুনর্গঠন করতে দেশটির ২৫ বছর সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, সাত মাসের যুদ্ধ শেষে ইরানে যুক্তরাষ্ট্র ‘যা কিছু চেয়েছে তার সবই এখন নিয়ন্ত্রণে’।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া ইরান কিছুই করছে না। মনে আছে আমি আপনাদের কী বলেছিলাম? ইরানের কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমাদের অনুমোদন ছাড়া ওরা কিছুই করছে না।’

দু’জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করেছেন। আসতে পারে ইরানে ফের বড় ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত। অ্যাক্সিওসের মতে, ট্রাম্প তিনটি বিকল্প বিবেচনা করছেন। যার মধ্যে রয়েছে, নতুন হামলা চালানো, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখা। অথবা এমন কোনো কূটনৈতিক চুক্তি-যাতে যুক্তরাষ্ট্রকে উল্লেখযোগ্য ছাড় দিতে হবে।

আরও পড়ুন:

আরেকদিকে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৭ দাবিসহ একটি পরমাণু কর্মসূচী বিষয়ক প্রস্তাব পাঠিয়েছে ইরান। যা পর্যালোচনা করছে ওয়াশিংটন। তবে ওয়াশিংটন তেহরানের সাতটি দাবি পূরণ করার পরইএ নিয়ে সরাসরি আলোচনা হবে বলে রয়টার্সকে জানিয়েছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির বার্তা পৌঁছালেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। যদিও বার্তার বিষয়বস্তু বা বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া দ্য ফিন্যান্সিয়াল টাইমসের খবর, ইরানকে রুশ বাহিনীর নির্ভুল লক্ষ্যভেদী ৯০টি হেলিকপ্টার-বাহিত লঞ্চার সরবরাহ করতে রাজি হয়েছে রাশিয়া।

মার্কিন নৌ অবরোধের নিন্দা জানাতে আইএমও-এর দ্বারস্থ হয়েছে ইরান। ইরানের ভাষ্য, হরমুজে নিরাপদ নৌচলাচল সহজ করতে এবং যুদ্ধ শেষ করতেই ইসলামাবাদ চুক্তিতে যোগ দিয়েছিলো তারা। কিন্তু যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি লঙ্ঘন করে তা থামিয়েছে।

এর মধ্যে হরমুজে নৌ-মাইনে ধাক্কা লেগে নিয়ম লঙ্ঘনকারী একটি ট্যাংকারে আগুনের তথ্য দিয়েছে ইরানের নৌবাহিনী। এছাড়া পারস্য উপসাগরে কাতারের উত্তরে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতে অগ্নিকাণ্ডের খবর মিলেছে।

তাছাড়া বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১.৫৭ ডলার বা ১.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.৮৬ ডলারে দাঁড়িয়েছে।

এসএস