ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ প্রায় এক মাসে গড়িয়েছে। তবে যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠায় এখনো একমত হতে পারেনি কোনো পক্ষ। এরইমধ্যে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। দুই পক্ষের মধ্যস্থতায় এগিয়ে এসেছে পাকিস্তান, তুরস্ক, মিশরসহ বিভিন্ন দেশ। যদিও যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে ইরান। পাল্টা আরও ৫ শর্ত জুড়ে দেয় তেহরান।
এমন অবস্থায় পরাজয় স্বীকার না করলে ইরানের ওপর কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, মার্কিন প্রেসিডেন্ট সবসময় শান্তিপূর্ণ পথ পছন্দ করেন, তবে প্রয়োজনে কঠিন পথেও হাঁটবেন তিনি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে আগ্রহী ইরান, তবে তা বলতে ভয় পাচ্ছে তারা। কারণ ইরানের নেতারা তাদের জনগণের হাতে অথবা মার্কিন বাহিনীর হাতে নিহত হবেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিভিন্ন মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের ১৫ দফার প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছে। তবে তার অর্থ আলোচনা নয়। এই মুহূর্তে কোনো ধরনের সমঝোতা বা আলোচনায় ইরান ইচ্ছুক নয় বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন আব্বাস আরাঘচি।
আরও পড়ুন:
এক্স বার্তায় ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, একটি আঞ্চলিক দেশের সমর্থনে ইরানের একটি দ্বীপ দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। শত্রুদের গতিবিধি বিশেষ করে মার্কিন সেনাদের ওপর কড়া নজর রাখছে তেহরান। তারা কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা তছনছ করে ফেলার হুমকি দিয়েছেন স্পিকার। এরইমধ্যে আড়াই হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, সব পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। একদিন পার হলেও কুয়েত বিমানবন্দরের আগুন নেভেনি। এছাড়া, বাহরাইন, আমিরাত ও সৌদিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছুটছেন ইসরাইলিরা।
মধ্য ইরানের ইসফাহান শহর লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এছাড়া, শিরাজ শহরে মার্কিন-ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন।
গেল একদিনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন দিয়ে ২৩ বারের মতো হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। এদিকে, তেল আবিবে ইসরাইলি সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার দাবি করেছে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের ট্যাংকেও হামলা চালিয়েছে তারা। এদিকে, লেবাননের ৬টি রকেট ধ্বংসের দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলিদের হামলায় প্রাণ হারিয়েছে লেবাননের বেশ কয়েকজন।





