উপসাগরীয় দেশগুলোতে ইরানের নতুন হামলা, ‘সম্পর্কে মোড় পরিবর্তন’: জিসিসি

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির দৃশ্য
বিদেশে এখন
1

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) বলেছে, অঞ্চলের দেশগুলোর ওপর ইরানের হামলা শুধু আরেকটি উত্তেজনা নয় বরং ইরান ও জিসিসিভুক্ত দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি মোড় পরিবর্তন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জিসিসির মহাসচিব জাসিম মোহাম্মদ আল-বুদাইউই বলেন, ‘ইরান ইচ্ছাকৃতভাবে জিসিসি দেশগুলোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালাচ্ছে।’ 

তিনি অভিযোগ করে বলেন, ‘এসব হামলা বেসামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত হচ্ছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সাধারণ নাগরিক নিহত হয়েছেন।’

জাতিসংঘ মানবাধিকার পরিষদ ইরানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তাৎক্ষণিকভাবে হামলা বন্ধের আহ্বান জানানোর এক দিন পর বৃহস্পতিবার সকালে উপসাগরীয় কয়েকটি দেশে সাইরেন বেজে ওঠে। এরপরই ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর নতুন করে হামলা চালায়।

আরও পড়ুন:

সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে চলমান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

আবুধাবি সরকারের মিডিয়া অফিস জানায়, সুইহান সড়কের ওই ঘটনায় কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ভোর ৩টা ও সকাল ৮টা ১০ মিনিটে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ দুটি নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।

এএম