ইরান যুদ্ধ কোভিড মহামারির মতো প্রভাব ফেলতে পারে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
বিদেশে এখন
0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে কোভিড-১৯ মহামারির সঙ্গে তুলনা করেছেন, যা বৈশ্বিক উন্নয়নকে শ্লথ করে দিয়েছিল। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল  (বৃহস্পতিবার, ২৬ মার্চ) মস্কোয় রাশিয়ান ইউনিয়ন অব ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড এন্টারপ্রেনিউরসের কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিন বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাত আন্তর্জাতিক উৎপাদন ও লজিস্টিকস শৃঙ্খলে বড় ধরনের ক্ষতি করছে।’

তিনি বলেন, ‘হাইড্রোকার্বন উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ, ধাতু, সার উৎপাদন এবং আরও অনেক পণ্যসংশ্লিষ্ট গোটা শিল্পখাত হামলার মুখে পড়েছে।’

পুতিন বলেন, ‘এরইমধ্যে এমন মূল্যায়নও আছে, যেখানে এগুলোকে করোনাভাইরাস মহামারির সঙ্গে তুলনা করা হয়েছে। আর আমার মনে আছে, মহামারি ব্যতিক্রম ছাড়া সব অঞ্চল ও মহাদেশের উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে শ্লথ করে দিয়েছিল।’

তেলের দাম বাড়ায় রাজস্ব বৃদ্ধির প্রসঙ্গে পুতিন রুশ সরকার ও তেল-গ্যাস কোম্পানিগুলোকে ওই অর্থ ‘অপচয়’ না করার সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘রাশিয়ার ঐতিহ্যগত রপ্তানি পণ্যের দাম বাড়ছে এবং বাজার অস্থির এ অবস্থায় “সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা” করে তা লভ্যাংশ হিসেবে ব্যয় করা বা রাষ্ট্রীয় পর্যায়ে বাজেট ব্যয় বাড়ানোর ‘‘প্রলোভন’’ তৈরি হতে পারে।’

আরও পড়ুন:

তিনি সতর্ক করে বলেন, ‘তেলের বাজার উল্টো দিকে ঘুরে যেতে পারে।’ ব্যয়ের ক্ষেত্রে তিনি “মধ্যপন্থী রক্ষণশীলতা” বজায় রাখার আহ্বান জানান।

রাশিয়ার পরিস্থিতি প্রসঙ্গে পুতিন বলেন, ‘নানা অসুবিধা ও বিধিনিষেধ সত্ত্বেও দেশটি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হচ্ছে।’

পুতিন বলেন, ‘সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়াকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তার ভাষ্য মতে, বিশ্ব পরিস্থিতি দেখিয়েছে—সার্বভৌমত্ব থেকে সরে আসার কী পরিণতি হতে পারে।’

তিনি বলেন, ‘সার্বভৌমত্ব ছাড়া মৌলিক স্বার্থ রক্ষা করা অসম্ভব। পরিবহন, লজিস্টিকস এবং আর্থিক অবকাঠামো উন্নয়নসহ সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য।’

এএম