পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় ভাঙন হয়নি; যুদ্ধের ‘চূড়ান্ত’ অবসান চায় ইরান

আব্বাস আরাঘচি
বিদেশে এখন
1

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনায় ভাঙন ধরেছে—মার্কিন গণমাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল (শনিবার, ৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে তুলে ধরছে।’

এর আগের দিন মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, ইরান ‘আগামী কয়েক দিনে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অনিচ্ছুক’ এবং যুক্তরাষ্ট্রের দাবি অগ্রহণযোগ্য মনে করছে। তবে এর বদলে ইসলামাবাদের প্রতি কৃতজ্ঞতা জানান আরাগচি।

তিনি বলেন, ‘পাকিস্তানের প্রচেষ্টার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদে যেতে কখনোই অস্বীকৃতি জানাইনি। আমাদের মূল মনোযোগ হলো আমাদের ওপর চাপিয়ে দেয়া অবৈধ যুদ্ধের চূড়ান্ত ও স্থায়ী অবসানের শর্ত।’

আরও পড়ুন:

বিবৃতির শেষে উর্দুতে ‘লং লিভ পাকিস্তান’ লেখেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাগচির বক্তব্যের ব্যাখ্যা দেয়ার জন্য দ্রুত সাড়া দেয় ইসলামাবাদও।

এক্সে দেয়া পোস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘আমার প্রিয় ভাই আরাগচি, আপনার ব্যাখ্যার জন্য সত্যিই কৃতজ্ঞ।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান নিজেকে সামনে আনছে। তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে ভালো সম্পর্ক এবং চীন ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারত্বকে কাজে লাগিয়ে এ ভূমিকা নিতে চাইছে দেশটি।

এএম