ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার ইঙ্গিত ট্রাম্পের, ‘স্প্যানিশও শিখে নেবো’

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইঙ্গিত দিয়েছেন, তার পরের রাজনৈতিক অধ্যায় দক্ষিণ আমেরিকায়ও হতে পারে। ইরানে ভূপাতিত মার্কিন বিমানসেনাকে উদ্ধারের খবর ঘিরে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ার দাবি করেন। এমনকি সেজন্য স্প্যানিশও শিখে নেবেন বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলায় তিনি এখন পর্যন্ত যেকোনো মানুষের চেয়ে বেশি সমর্থন পাচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দ্বিতীয় এবং শেষ মেয়াদে দায়িত্ব পালন করা ট্রাম্প বলেন, ‘তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে লড়তে পারেন।’ তার ভাষ্য অনুসারে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি রদ্রিগেজকে বসিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, ‘ভেনেজুয়েলার মানুষ বলছে, আমি যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে লড়ি, তাহলে আমি ভেনেজুয়েলায় এখন পর্যন্ত যে কারো চেয়ে বেশি সমর্থন পাবো। তাই এই কাজ শেষ হলে আমি ভেনেজুয়েলায় যেতে পারি।’

তিনি বলেন, ‘এই কাজ শেষ হলে আমি ভেনেজুয়েলায় যাবো। আমি দ্রুত স্প্যানিশ শিখে নেব। খুব বেশি সময় লাগবে না। ভাষা শেখায় আমি ভালো। আমি ভেনেজুয়েলায় যাবো। আমি প্রেসিডেন্ট পদে লড়বো। তবে আমাদের যে প্রেসিডেন্ট-ইলেক্ট এখন আছে, তাকে নিয়ে আমরা খুবই খুশি রয়েছি।’

তবে গত মাসেই লাতিন আমেরিকান নেতাদের এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, নতুন কোনো ভাষা শেখার কোনো ইচ্ছা তার নেই।

কিউবান অভিবাসী পরিবারে জন্ম নেয়া পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নিয়ে তিনি বলেন, ‘ওর ভাষাগত সুবিধা আমার চেয়ে বেশি। কারণ, আমি তোমাদের ওই ভাষা শিখছি না। আমার সময় নেই।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে ট্রাম্পের আগ্রহ এই প্রথম নয়। গত মাসের শেষ দিকে মন্ত্রিসভার এক বৈঠকেও তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে লড়ার সম্ভাবনার কথা তুলেছিলেন এবং একে ‘চমৎকার একটি বিকল্প’ বলেছিলেন।

এএম