হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ কাজ করছে: ট্রাম্প

হরমুজ প্রণালিতে থাকা একটি তেলবাহী জাহাজ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে। ফক্স নিউজের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘অসংখ্য দেশ হরমুজ প্রণালির বিষয়ে আমাদের সাহায্য করতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্য এমন দেশগুলোর মধ্যে রয়েছে, যারা পানিতে ফেলা হতে পারে—এমন মাইন সরাতে ‘‘মাইনসুইপার’’ আমাদের পাঠাচ্ছে।’

ডাউনিং স্ট্রিট এখনো বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি। তবে যুক্তরাজ্য প্রণালিটি পুনরায় খোলার জন্য একটি “ব্যবহারিক” পরিকল্পনা তৈরির কাজ করছে জানা গেছে।

ট্রাম্প ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স উইথ মারিয়া বার্তিরোমো অনুষ্ঠানে বলেন, ‘আমাদের মাইনসুইপার সেখানে আছে। এখন আমাদের অত্যাধুনিক পানির নিচের মাইনসুইপার আছে, যেগুলো সর্বশেষ ও সেরা; তবে আমরা আরও ঐতিহ্যবাহী মাইনসুইপারও আনছি।’

তিনি আরও বলেন, ‘যতটা বোঝা গেছে, যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে।’

এএম