ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত নয়: রাজা চার্লসের সঙ্গে নৈশভোজে ট্রাম্প

নৈশভোজে মঞ্চে বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকা উচিত নয়—এ বিষয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন। সফররত ব্রিটিশ রাজার সম্মানে হোয়াইট হাউজে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। তুরুস্কের টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করছি এবং আমরা খুব ভালো করছি। আমরা সামরিকভাবে সেই প্রতিপক্ষকে (ইরান) পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র অর্জন করতে দেব না। এ বিষয়ে চার্লস আমার চেয়েও বেশি একমত।’

তবে ট্রাম্পের বক্তব্যের পর নিজের দেয়া ভাষণে রাজা চার্লস ইরান বা যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণেও তিনি ইরান যুদ্ধ নিয়ে কোনো কথা বলেননি। ব্রিটিশ রাজা মূলত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব এবং বিচ্ছিন্নতাবাদের বিপদের ওপর জোর দেন।

আরও পড়ুন:

দীর্ঘদিন ধরেই ব্রিটেন ও যুক্তরাষ্ট্র বলে আসছে যে ইরানের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত নয়। তবে তেহরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সদস্য হিসেবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর প্রতিক্রিয়ায় তেহরান পুরো অঞ্চল জুড়ে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালায়। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে শান্তি আলোচনা চললেও কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই তা শেষ হয়। ট্রাম্প পরে জানিয়েছিলেন যে তেহরানের পক্ষ থেকে কোনো প্রস্তাব না আসা পর্যন্ত পাকিস্তানের অনুরোধে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে।

এএম