যুক্তরাষ্ট্র সফরে ইরানে যৌথ হামলার তদবির মোসাদপ্রধানের

ইসরাইলের প্রধানমন্ত্রীর সামরিক সচিব রোমান গোফমান
বিদেশে এখন
0

সূত্র দুটি জানিয়েছে, ওয়াশিংটনে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফসহ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন গফম্যান। এ সময় ইরান বিষয়ে ইসরাইলের কাছে থাকা গোয়েন্দা তথ্য মার্কিন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন মোসাদপ্রধান। এছাড়া ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করতে ফ্লোরিডার মায়ামিতেও যান গফম্যান। ইরান ও ইউক্রেন বিষয়ে মার্কিন কূটনৈতিক তৎপরতায় যৌথভাবে নেতৃত্ব দিচ্ছেন উইটকফ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়া এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে কাতার। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গত ৯ নভেম্বর ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানে হামলা স্থগিত রাখবেন। ট্রাম্পের ওই ঘোষণার পরই যুক্তরাষ্ট্র সফর করেন মোসাদপ্রধান। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত তৃতীয় একটি সূত্র জানিয়েছে, ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেছেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। তারা আশঙ্কা করছেন, ইরানে হামলা হলে প্রতিশোধ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোয় হামলার হুমকি বাস্তবায়ন করবে তেহরান। প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছে।

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হলে তা যুদ্ধের মাত্রা অনেক বাড়িয়ে দিতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি এই দুই মিত্রদেশের যৌথ হামলার মাধ্যমেই বর্তমান যুদ্ধের সূচনা হয়েছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন এবং এর জবাবে যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশগুলোয় হামলা চালায় ইরান।

গত মাসের অমীমাংসিত নির্বাচনের পর ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এমন এক সময়েই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করলেন গফম্যান। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ, নিজের দুর্বল রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারে তিনি সংঘাত বাড়াতে চাইছেন। তবে নেতানিয়াহু এই অভিযোগ অস্বীকার করেছেন। মোসাদের হয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেয়ার দায়িত্বে থাকা নেতানিয়াহুর দপ্তর এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প মনে করেন ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের অভিযান ইরানের জন্য এতটাই ‘বিধ্বংসী’ হয়েছে যে সেখানে ‘বড় ধরনের সামরিক অভিযানের’ কোনো প্রয়োজন নেই। তবে ওই কর্মকর্তা বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্টের হাতে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। গফম্যান ও র‍্যাটক্লিফের মধ্যকার কোনো বৈঠকের বিষয়ে ওই কর্মকর্তা মন্তব্য করেননি। সিআইএও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

ওই দুই সূত্র জানিয়েছে, বৈঠকে ইরান বিষয়ে ইসরাইলি গোয়েন্দা তথ্য তুলে ধরেন গফম্যান। এর মধ্যে একটি সূত্র জানায়, ওই গোয়েন্দা তথ্যগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত, যা চলমান মার্কিন-ইরান কূটনীতির মূল কেন্দ্রবিন্দু। গফম্যান যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন, প্রায় একই সময়ে নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন ও সাবেক ইসরাইলি মন্ত্রী রন ডারমারও যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যৌথ হামলার পক্ষে তদবির করেন।

সূত্র দুটি জানায়, নেতানিয়াহু মনে করছেন ইরানে হামলা চালানোর সুযোগ কমে আসছে। একটি সূত্রের মতে, চলতি বছরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র তাদের বিশাল সামরিক উপস্থিতি কমাতে শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইসরাইল। ইরানে নতুন করে হামলা চালাতে ট্রাম্পকে রাজি করানোর লক্ষ্যে নেতানিয়াহুর প্রচেষ্টার অংশ হিসেবেই গফম্যান ও ডারমার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এই যোগাযোগ করেছেন বলে জানিয়েছে সূত্র দুটি।

গত এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্র বারবার পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহেই ইরানের একটি দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প কখনো ইরানে নতুন হামলার মাধ্যমে যুদ্ধ বাড়ানোর হুমকি দিয়েছেন, আবার কখনো সংঘাত কমিয়ে আনার কথা বলেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, রাজনৈতিকভাবে অজনপ্রিয় হয়ে ওঠা এই সংঘাত কীভাবে সমাধান করা হবে, সে বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই মনে হচ্ছে।

এদিকে ওই দুটি সূত্র জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনীর মূল্যায়ন হলো ইরান বর্তমানে ইসরাইলের জন্য আসন্ন কোনো হুমকি নয় এবং সে কারণে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপেরও প্রয়োজন নেই। ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইউরোপীয় দুই কর্মকর্তা বলেছেন, ইরানের অর্থনীতি চাপে থাকলেও দেশটির সরকার পতনের কাছাকাছি রয়েছে—এমন কোনো লক্ষণ নেই। নতুন করে সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কী অর্জন করতে পারবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এএম