ইয়াল জামির বলেন, ‘লেবানন সীমান্তে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে, তা হলো এমন অবস্থানে থাকা যাতে ইসরাইলি জনবসতিগুলোর ওপর সরাসরি হামলা চালানো সম্ভব না হয়। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি এবং এখন সেই অবস্থানেই আছি। প্রয়োজনে আমাদের দীর্ঘ সময় এই অবস্থানে থাকতে হতে পারে।’
সেনাদের উদ্দেশে ইসরাইলি সেনাপ্রধান আরও বলেন, ‘রণাঙ্গনে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরাইলের জনপদগুলোর ওপর সব ধরনের হুমকি দূর করতে হবে। সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতে হবে এবং তাদের খুঁজে বের করে হত্যা করতে হবে।’
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন। এছাড়া সারা দেশে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান ও বিমান হামলা আরও জোরদার করেছে ইসরাইল।





