ট্রাম্পের মন্তব্যে চাপে বাজার; তেলের দাম ঊর্ধ্বমুখী

জ্বালানি লাইনে লিকেজের প্রতীকী ছবি
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল শুরুর আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে টানা তিন দিন বাড়লো জ্বালানি তেলের দাম। আজ (মঙ্গলবার, ১২ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮ ডলারে পৌঁছেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া এক প্রস্তাবের জবাবে তেহরান যে প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের দূরত্বের বিষয়টি স্পষ্ট হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি বিশ্ব শেয়ারবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ইউরোপের শীর্ষ শেয়ার সূচক এসটিওএক্স ৬০০ মঙ্গলবার শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। একইভাবে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক ফিউচারের সূচকও যথাক্রমে শূন্য দশমিক ৪ ও শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হলে এবং শান্তি আলোচনা সফল না হলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা আরও বাড়তে পারে।

এএম