ইরানি বিমানে লেজার হামলার এআই ছবি শেয়ার করলেন ট্রাম্প

আবিদ মঈন
ডোনাল্ড ট্রাম্প ও তার পোস্ট করা ছবি
বিদেশে এখন
1

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে চরম উত্তেজনার মধ্যে ইরানের ওপর ভয়াবহ সামরিক হামলার বেশ কিছু এআই-উৎপন্ন (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি এসব ছবি পোস্ট করেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একটি ছবিতে দেখা যায়, একটি মার্কিন রণতরি থেকে উচ্চক্ষমতাসম্পন্ন লেজার রশ্মি দিয়ে ইরানি পতাকাবাহী একটি বিমানে হামলা চালানো হচ্ছে। লেজার রশ্মির আঘাতে মাঝআকাশে বিমানটি বিস্ফোরিত হতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, ‘লেজার: বিং, বিং, গন!!!’

ট্রাম্পের পোস্ট |ছবি: ট্রুথ সোশ্যাল

ডিজিটাল পদ্ধতিতে তৈরি আরেকটি ছবিতে দেখা যায়, পারস্য উপসাগরে ইরানের বেশ কিছু দ্রুতগামী নৌযানের (ফাস্ট বোট) ওপর দিয়ে একটি মার্কিন ড্রোন উড়ছে। এর পরমুহূর্তেই একযোগে সব কটি নৌযানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ছবির সঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘বাই বাই, ফাস্ট বোটস’।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত বন্ধের আলোচনা যখন অনিশ্চয়তার মুখে, ঠিক তখনই ট্রাম্পের পক্ষ থেকে এমন উসকানিমূলক ছবি পোস্ট করা হলো। এসব ছবি মূলত কাল্পনিক যুদ্ধের দৃশ্য হলেও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

এএম