একদিনে হিজবুল্লাহর দেড়শো ঘাঁটিতে হামলার দাবি ইসরাইলি বাহিনীর

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি অঞ্চল
বিদেশে এখন
0

গত ২৪ ঘণ্টায় লেবানন জুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। তাদের দাবি অনুযায়ী, এ সময়ের মধ্যে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর অন্তত ১৫০টি ঘাঁটি লক্ষ্য করে তীব্র বিমান ও স্থল হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

এ হামলাগুলো মূলত দক্ষিণ লেবাননের টায়ার ও নাবাতিহ অঞ্চলের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় চালানো হয়। এর আগে, গত মঙ্গলবার ইসরাইলি বাহিনী লেবাননের প্রায় ৫০টি শহরের বাসিন্দাদের জোরপূর্বক ঘরবাড়ি ছাড়ার হুমকি দেয়।

আরও পড়ুন:

অতি সম্প্রতি তারা নাবাতিহ অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে পুনরায় এই হুমকি জারি করে এবং তাদের অবিলম্বে জাহরানি নদীর উত্তর দিকে চলে যাওয়ার নির্দেশ দেয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ দফায় ইসরাইলের চালানো হামলাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে। তারা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর এ নির্বিচার হামলায় ডজন খানেক লেবানিজ বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।

এএইচ