ফোর্বস সাময়িকীর গতকাল (মঙ্গলবার, ২ জুন) এর তথ্য অনুযায়ী, মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৮৩৫ বিলিয়ন (৮৩ হাজার ৫০০ কোটি) ডলার। অথচ ২০২৫ সালের মার্চে তার সম্পদ ছিল ৩৪২ বিলিয়ন ডলার। বর্তমানে তিনি দ্বিতীয় অবস্থানে থাকা গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের (২৯৮ বিলিয়ন ডলার) চেয়ে অনেক বেশি এগিয়ে।
আগামী ১২ জুনের দিকে নাসডাক পুঁজিবাজারে স্পেসএক্সের যাত্রা শুরু হতে পারে। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির বর্তমান বাজারমূল্য ১.৭ ট্রিলিয়ন থেকে ২ ট্রিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ৫৪ বছর বয়সী মাস্ক স্পেসএক্সের ১২ শতাংশ সাধারণ শেয়ার এবং ৯৪ শতাংশ ‘ক্লাস বি’ শেয়ারের মালিক। হিসাব অনুযায়ী, কোম্পানিটি পাবলিক হওয়ার পর স্পেসএক্সের পুঁজির ৪২ শতাংশই থাকবে মাস্কের হাতে, যার অর্থমূল্য হবে প্রায় ৭৩৫ থেকে ৮৪০ বিলিয়ন ডলার।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সমাজবিজ্ঞানের অধ্যাপক উইলিয়াম রবিনসন এএফপিকে বলেন, ‘বর্তমানে বিশ্বের ৩ হাজার বিলিয়নিয়ারের হাতে নজিরবিহীনভাবে সম্পদ কুক্ষিগত হচ্ছে।’ তিনি একে ‘প্রযুক্তিগত অলিগার্কি’ বা ধনিকতন্ত্র হিসেবে অভিহিত করেছেন। রবিনসন সতর্ক করে বলেন, ‘যখন বিশ্বের ৫০০ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, তখন এই চরম অসমতা গৃহযুদ্ধ বা অন্য কোনো সংকটের জন্ম দিতে পারে।’
ইলন মাস্কের সম্পদের একটি বড় অংশ স্পেসএক্স এবং ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের সঙ্গে যুক্ত। বর্তমানে টেসলার বাজারমূল্য ১.৫৮ ট্রিলিয়ন ডলার। বিশ্লেষকদের ধারণা, ২০২৭ সাল নাগাদ টেসলা ও স্পেসএক্স একীভূত হয়ে একটি বড় প্রতিষ্ঠানে রূপ নিতে পারে। ইতিমধ্যে দুই কোম্পানি মিলে ‘টেরাফ্যাব’ নামে একটি বিশাল সেমিকন্ডাক্টর কারখানা তৈরির কাজ শুরু করেছে।
ইলন মাস্কের সম্পদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি তিনি ২০২৫ সালে টেসলার পরিচালনা পর্ষদ নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, তবে আগামী ১০ বছরে তিনি আরও ১ ট্রিলিয়ন ডলার পেতে পারেন। অন্যদিকে স্পেসএক্সের ক্ষতিপূরণ পরিকল্পনা অনুযায়ী তিনি ১৩০ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পারেন—তবে এর একটি শর্ত হলো মঙ্গল গ্রহে অন্তত ১০ লাখ মানুষের স্থায়ী বসতি স্থাপন করা।
অধ্যাপক রবিনসন ঠাট্টা করে বলেন, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলে অনেকের কাছে মাস্কের ভাবমূর্তি ‘ঈশ্বরের’ মতো হয়ে যেতে পারে, আবার এর ফলে তার নিজের মধ্যেও কোনো ‘ঈশ্বরসুলভ দম্ভ’ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।





