ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ ৩ জনকে পুড়িয়ে হত্যা; নেপথ্যে বালু ব্যবসা নিয়ে বিরোধ

ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ ৩ জনকে বহনকারী এসইউভিতে আগুন ধরিয়ে দেয়ার ঘটনাস্থলের দৃশ্য
বিদেশে এখন
1

ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বিজেপি নেতাসহ তিনজনকে তাদের গাড়িতে আটকে রেখে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে রাজ্যের কোরিয়া জেলায় এই বর্বরোচিত হামলা চালানো হয়। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সাবেক জনপদ পঞ্চায়েত চেয়ারম্যান ও বিজেপি নেতা ভরত সিং (লালা সিং) তার সহযোগীদের নিয়ে একটি এসইউভিতে করে যাচ্ছিলেন। হামলাকারীরা ট্রাক দিয়ে গাড়িটির পথ আটকে দেয় এবং পালানোর সব পথ বন্ধ করে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে ভরত সিং প্রাণ হারান। এছাড়া বীরেন্দ্র সিং ও নাগেন্দ্র সিং নামের আরও দুইজন গুরুতর জখম হয়ে পরে মারা যান। ময়ঙ্ক সিং নামের অন্য এক যাত্রী আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই এলাকায় বালু উত্তোলন ও পরিবহণ নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েক মাস ধরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছিল। ভরত সিংয়ের পরিবারের সদস্যরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

এই ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি তুলেছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। পুলিশ নয়জনের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এএম