নাইজারের রাজধানীর বিমানবন্দরে সশস্ত্র হামলা; নিহত ১৩

নাইজারের নিয়ামে বিমানবন্দরের স্যাটেলাইট ইমেজ
বিদেশে এখন
0

নাইজারের রাজধানী নিয়ামের ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি সামরিক বিমানঘাঁটিতে সশস্ত্র হামলায় ১১ সেনা ও দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া হামলায় জড়িত ২২ হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ হামলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা বাহিনী প্রায় ২০ সন্দেহভাজনকে আটক করেছে। হামলায় আরও চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ভোর ছয়টার দিকে সশস্ত্র ব্যক্তিরা বিমানবন্দর ও পাশের সামরিক ঘাঁটিতে হামলা চালায়। কয়েক ঘণ্টা ধরে সেখানে গোলাগুলি চলে। প্রত্যক্ষদর্শীরা ভারী অস্ত্রের গর্জন এবং ব্যাপক সেনা মোতায়েনের কথা জানিয়েছেন।

পরে আল-কায়েদাসংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটি দাবি করেছে, তারা বিমানবন্দর ও পাশের সামরিক ঘাঁটিতে ‘আত্মঘাতী হামলা’ চালিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীর বড় ধরনের অভিযান চলছে। বিমানবন্দর পুরোপুরি নিরাপদ রয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক আছে।

নাইজার, মালি ও বুরকিনা ফাসো দীর্ঘদিন ধরে আল-কায়েদা ও আইএসআইএল-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলার মুখে রয়েছে। এসব হামলায় হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এএম