কৃত্রিম বুদ্ধিমত্তা বেকারত্ব নয়, শ্রমিক সংকট তৈরি করবে: জেফ বেজোস

জেফ বেজোস
তথ্য-প্রযুক্তি
বিদেশে এখন
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কর্মসংস্থানের সুযোগ কমাবে না, বরং উল্টো শ্রমিকের সংকট তৈরি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন বিলিয়নিয়ার জেফ বেজোস। গতকাল প্যারিসে ভিভাটেক প্রযুক্তি মেলায় (বৃহস্পতিবার, ১৮ জুন) তিনি এ মন্তব্য করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ কেড়ে নিতে পারে—এমন আশঙ্কা স্বীকার করেও অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস বলেছেন, এই ধারণার সঙ্গে তিনি দৃঢ়ভাবে দ্বিমত পোষণ করেন। প্যারিসে ভিভাটেক প্রযুক্তি মেলায় তিনি বলেন, ‘আমি একদমই এর সঙ্গে একমত নই। আমি মনে করি, কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রমিক সংকট তৈরি করবে। কারণ এটি মানুষকে আরও বেশি সমস্যা শনাক্ত করতে সহায়তা করবে।’

বেজোস যুক্তি দেন, উদ্ভাবনযোগ্য জিনিসের সংখ্যার কোনো সীমা নেই। বর্তমান সীমাবদ্ধতা মূলত ধারণাকে কাজে পরিণত করার সক্ষমতা থেকে আসে, কল্পনা করার সক্ষমতা থেকে নয়। তিনি বলেন, ‘আমাদের কল্পনাশক্তি আমাদের সীমাবদ্ধ করে না, বরং আমরা কী করতে পারি, সেটাই আমাদের সীমা।’ তিনি আরও বলেন, অনেক ধারণা বাস্তবায়ন করা কঠিন বলেই অধরা থেকে যায়, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে। ফলে অনেক ধারণাই বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে।

উল্লেখ্য, গত বছরের শেষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নেতৃত্ব দিতে চাওয়া ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নিজেই প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে। বেজোস মহাকাশ খাতের অগ্রগতি নিয়েও কথা বলেন। মহাকাশযান প্রতিষ্ঠান ব্লু অরিজিনের এই প্রতিষ্ঠাতা বলেন, মহাকাশ চাহিদার অভাবে নয়, বরং সরবরাহের সীমাবদ্ধতার কারণে আটকে আছে। মহাকাশে সীমিত প্রবেশাধিকার ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়াবে বলেও মনে করেন তিনি।

মহাকাশ অনুসন্ধানে অগ্রগতির জন্য চাঁদকে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে অভিহিত করেছেন বেজোস। তিনি বলেন, ‘আমরা চাঁদে যাবো শুধু ভ্রমণের জন্য নয়, সেখানে থাকার জন্যও।’

এএম