মোনাকোয় বিস্ফোরণে ইউক্রেনীয় ধনকুবেরসহ আহত ৩; সন্দেহভাজন ফ্রান্সে পলাতক

মোনাকোর একটি ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকারী সংস্থার সদস্যরা
বিদেশে এখন
0

ভূমধ্যসাগরীয় উপকূলের অভিজাত দেশ মোনাকোর একটি আবাসিক ভবনে বিস্ফোরণে এক ইউক্রেনীয় ধনকুবের ও তার পরিবারের সদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল (সোমবার, ২৯ জুন) রাতের এই হামলার পর সন্দেহভাজন হামলাকারী সীমান্ত পেরিয়ে ফ্রান্সে পালিয়ে গেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মোনাকোর শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় মন্ত্রী ক্রিস্টোফ মিরমান্ড সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে ফ্রান্স সীমান্তের কাছে একটি ভবনের প্রবেশপথে এই বিস্ফোরণ ঘটে। এতে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশু আহত হন, যাদের উন্নত চিকিৎসার জন্য ফ্রান্সের হাসপাতালে নেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাকারী পায়ে হেঁটে সীমান্ত পার হয়ে ফ্রান্সের বিউসোলেইল শহরে প্রবেশ করেছে।

মোনাকোর রাষ্ট্রপ্রধান প্রিন্স আলবার্ট দ্বিতীয় এই হামলাকে একটি ‘ন্যাক্কারজনক কাজ’ হিসেবে অভিহিত করেছেন। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম এবং ইউক্রেনীয় নিউজ সাইট ‘ইউক্রেনস্কা প্রাভদা’ জানিয়েছে, আহতদের মধ্যে ইউক্রেনের নির্মাণ খাতের শীর্ষ ব্যবসায়ী ভাদিম ইয়েরমোলায়েভ রয়েছেন। ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ২০২৩ সালে ইয়েরমোলায়েভের ওপর ইউক্রেন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো জানা যায়নি। ফরাসি ও মোনাকো কর্তৃপক্ষ যৌথভাবে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। মোনাকোর মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত ও অভিজাত রাষ্ট্রে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত বিরল, যা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে।

এএম