এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

ব্যানার প্রদর্শন করছেন ভানিয়া বিয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ
বিদেশে এখন
0

নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব এবং ব্যানার প্রদর্শনের অভিযোগে দুই রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভানিয়া বিয়ারকুস ও আঞ্জেলা নিকোলাউ নামের এই যুগল ভবনের প্রধান অ্যান্টেনার ওপর উঠে পড়েন, যা মাটি থেকে প্রায় ১ হাজার ৪৫৪ ফুট (৪৪৩ মিটার) উঁচুতে অবস্থিত। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল (বুধবার, ১ জুলাই) একটি মার্কিন সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা এই যুগল দুর্গম ওই উচ্চতায় পরস্পরকে চুম্বন করছেন। এ সময় তারা একটি ব্যানার প্রদর্শন করেন যাতে লেখা ছিল, ‘যখন ক্ষমতার প্রতি ভালোবাসার চেয়ে ভালোবাসার শক্তি বেশি হবে, তখনই পৃথিবী শান্তি খুঁজে পাবে।’ ১০২ তলা এই ভবনের সাধারণের প্রবেশাধিকার নেই এমন উঁচুতে তারা কীভাবে পৌঁছালেন, তা এখনো পরিষ্কার নয়।

আরও পড়ুন:

পুলিশের বডি ক্যামেরা ফুটেজে দেখা যায়, এক কর্মকর্তা মই বেয়ে ওপরে উঠে তাদের নিচে নেমে আসার নির্দেশ দিচ্ছেন। আঞ্জেলা নিকোলাউ ও ভানিয়া বিয়ারকুস বিশ্বজুড়ে ‘রুফটপিং’ বা সুউচ্চ ভবনের চূড়ায় ওঠার জন্য পরিচিত। ২০২৪ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’-তে তাদের এই রোমাঞ্চকর জীবনের গল্প তুলে ধরা হয়েছিল।

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একজন মুখপাত্র এই ঘটনাকে ‘অননুমোদিত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি রসিকতা করে বলেন, এনগেজমেন্টের জন্য তাদের উচিত ছিল ভবনের নির্ধারিত ১ হাজার ডলারের ‘প্রপোজাল প্যাকেজ’ কেনা। আঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাউ এই ঘটনাকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করে বলেন, ‘যেকোনো দেশের সংবিধান অনুযায়ী ভবনের ছাদে ওঠা দোষের কিছু নয়।’

এএম