ইউনিভার্সিটি অব লন্ডনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও তৎপরবর্তী বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নাহিদ ইসলাম
দেশে এখন
0

ইউনিভার্সিটি অব লন্ডনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও তৎপরবর্তী বাংলাদেশ’ শীর্ষক উচ্চপর্যায়ের অ্যাকাডেমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার, ১৮ নভেম্বর) ইউনিভার্সিটি অব লন্ডনে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ‘জুলাই গণঅভ্যুত্থান ও তৎপরবর্তী বাংলাদেশ’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের একাডেমিক আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র ও রাজনীতির গতিপ্রকৃতি নিয়ে আয়োজিত এই আলোচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অধ্যাপক মুশতাক খান, অধ্যাপক নাওমি হোসাইন, অধ্যাপক সুবির সিনহা, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের পিএইচডি গবেষক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা।

আলোচনাটি সঞ্চালনা করেন অধ্যাপক পল্লবী রায়। এনসিপির যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) আরাফাত আলিফ উপস্থিত ছিলেন।

আলোচনায় নাহিদ ইসলাম বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণঅভ্যুত্থান সংঘটনের পেছনের রাজনৈতিক, সামাজিক ও কাঠামোগত কারণ, ছাত্র-জনতার অভূতপূর্ব অংশগ্রহণ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

এ ছাড়া তিনি গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা ও চ্যালেঞ্জ, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কার প্রক্রিয়া নিয়ে চলমান জাতীয় আলোচনা, জুলাই সনদের তাৎপর্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন, সাংগঠনিক অবস্থান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা ও প্রত্যাশার বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসে।

আলোচনার প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ, রাষ্ট্র সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে আন্তর্জাতিক অ্যাকাডেমিক পরিসরে বিশ্লেষণ ও মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়।

এফএস