পঞ্চগড়ে সীমান্তে নজরদারি বাড়াতে নারায়নপুর বিওপি উদ্বোধন

নারায়নপুর বিওপি উদ্বোধন
এখন জনপদে
0

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে নারায়নপুর বিওপি উদ্বোধন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) সকালে গুরুত্বপূর্ণ এ সীমান্ত এলাকাটিতে নতুন এ বিওপি ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

ফলক উন্মোচন করে ক্যাম্পের উদ্বোধনের পাশাপাশি ওড়ানো হয় জাতীয় পতাকা। পরে রিজিয়ন কমান্ডার ক্যাম্পের ভেতরে বৃক্ষরোপণ করে মোনাজাতে অংশ নেন। শিংরোড ও ধামেরঘাট বিওপির মধ্যে দীর্ঘ ১৩ কিলোমিটার দূরত্ব হওয়ার মাঝখানে এই বিওপি স্থাপন করা হয়েছে বলেও জানানো হয়।

এর মাধ্যমে সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তিসহ নজরদারি বৃদ্ধি, মাদক, চোরাচালান ও অনুপ্রবেশ রোধ করতে এই বিওপি ক্যাম্পের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন তারা।

বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, ‘বিজিবির রংপুর রিজিয়নের প্রত্যেকটি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছি। ড্রোন, সিসি টিভি, সার্চ লাইট, নাইট ভিশন থার্মাল ক্যামেরার মাধ্যমে সীমান্তে নজরদারি করা হচ্ছে।’ এ সময় তিনি সীমান্তে অপরাধ কমানোর পাশাপাশি সকল অপতৎপরতা ঠেকাতে সবার সহযোগিতা কামনা করেন।

এএইচ