রোহিঙ্গাদের ধ্বংসের উদ্দেশ্যেই অভিযান চালিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক বিচার আদালত

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া
বিদেশে এখন
0

মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা গণহত্যা মামলায় রায় ঘোষণা শুরু করেছেন জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত পড়ে শোনানোর সময় আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো, তারা উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করতে চেয়েছিল। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিচারপতি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের পরিধি, ধরন ও পদ্ধতি জনগোষ্ঠীটিকে কেবল শাস্তি দেয়ার চেয়ে অনেক বেশি কিছু ছিল। বরং এসব কর্মকাণ্ডের মধ্যে জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করে দেয়ার অভিপ্রায়ের বৈশিষ্ট্য স্পষ্ট। আদালত মনে করেন, উপস্থাপিত সব তথ্য-প্রমাণ একত্রে বিশ্লেষণ করলে একটি যৌক্তিক সিদ্ধান্তেই পৌঁছানো যায় যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়েই কাজ করেছিল। ২০১৭ সালের শুদ্ধি অভিযানের পারিপার্শ্বিক পরিস্থিতি এমন এক পরিবেশ তৈরি করেছিল, যা সহিংসতা চালাতে সহায়ক ছিল এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার মিয়ানমারের অভিপ্রায়ের ভিত্তি তৈরি করেছিল।

আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইসিজে নির্ধারণ করেছেন, ২০১৭ সালের ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বিচারপতি ইওয়াসাওয়া জানান, ২০১৭ সালের অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করেছিল মিয়ানমার। এই সংখ্যাটি স্পষ্টতই বিশাল এবং গণহত্যা সনদের বিচারে এটি ওই জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ।

রায় পাঠের সময় রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিচারক। তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও আত্মপরিচয় রয়েছে। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করছে। কয়েক দশক ধরে মিয়ানমার রাষ্ট্র তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধের মাধ্যমে ক্রমান্বয়ে তাদের অধিকার কেড়ে নিয়ে তাদের প্রান্তিক ও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ঠেলে দেয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক আইনের অধীনে তারা একটি সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।

২০১৭ সালের আগস্টের শুদ্ধি অভিযানের প্রেক্ষাপট তুলে ধরে বিচারপতি ইওয়াসাওয়া বলেন, সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং গ্রামে আগুন দেয়ার ঘটনা আদালত বিবেচনায় নিয়েছেন। তবে তথ্য-প্রমাণে এটি প্রতিষ্ঠিত হয়েছে যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাযজ্ঞ, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নৃশংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়ার কাজে লিপ্ত হয়েছিল। এমনকি প্রাণ বাঁচাতে বিপুল সংখ্যায় বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে মিয়ানমারের বাহিনী।

রোহিঙ্গাদের জন্মহার কমানোর সরকারি নীতির বিষয়টিও রায়ে উল্লেখ করেন বিচারক। তিনি জানান, মিয়ানমার আঞ্চলিক আদেশ জারি করে রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করে তাদের বিয়ের জন্য বিশেষ অনুমতির শর্ত দিয়েছিল এবং দম্পতিদের সর্বোচ্চ দুটি সন্তান নেয়ার সীমা বেঁধে দিয়েছিল। এই নীতি জন্মহার নিয়ন্ত্রণে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে যে জন্মহার কমানোই ছিল এর উদ্দেশ্য। আদালত নিশ্চিত হয়েছেন যে রোহিঙ্গাদের প্রজনন বন্ধ বা কমানোর উদ্দেশ্যেই এই জবরদস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল। এছাড়া অভিযানের সময় চালানো যৌন সহিংসতার উদ্দেশ্যও ছিল সন্তান জন্মদানের ক্ষেত্রে এই জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক সক্ষমতা এবং ইচ্ছা নষ্ট করে দেয়া।

আদালত আরও দেখেছেন, ২০১৭ সালের অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিত ও সমন্বিতভাবে রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে। এতে রোহিঙ্গাদের ক্ষুদ্রমানব এবং সহিংস হুমকি হিসেবে চিত্রিত করা হয়, যা একটি জনগোষ্ঠীকে ধ্বংসের লক্ষ্যবস্তু করার মতো অনুকূল পরিবেশ তৈরি করেছিল।

তথ্য-প্রমাণ মূল্যায়নের প্রক্রিয়া ব্যাখ্যা করে বিচারপতি ইওয়াসাওয়া বলেন, আগের গণহত্যা মামলাগুলোর মতো এই মামলায় আদালতের সামনে সহায়ক কোনো বিচারিক সিদ্ধান্ত ছিল না। তাই উভয় পক্ষের দেয়া তথ্য-প্রমাণের ওপর নির্ভর করেই আদালতকে সত্যাসত্য নির্ধারণ করতে হয়েছে। নৃশংসতার অভিযোগগুলোর প্রকৃত তদন্ত করতে মিয়ানমারের ব্যর্থতা এবং তথ্য-প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছাতে অসহযোগিতার বিষয়টি আদালত আমলে নিয়েছেন। মৌখিক শুনানির সময় ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার চারজন সাক্ষীর জবানবন্দি শুনেছেন আদালত। গাম্বিয়ার উপস্থাপিত সাক্ষীদের বক্তব্য আদালতের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে এবং জেরার সময়ও তাদের অনেক মূল বক্তব্য খণ্ডন করা যায়নি।

জাপানের বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বাধীন এই প্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের আরও ১৪ জন নির্বাচিত বিচারক রয়েছেন। গাম্বিয়া বা মিয়ানমারের কোনো বিচারক এই আদালতে না থাকায় উভয় দেশ একজন করে অতিরিক্ত বিচারক বেছে নিয়েছে। গাম্বিয়া বেছে নিয়েছে নোবেলজয়ী নাভি পিল্লাইকে এবং মিয়ানমার বেছে নিয়েছে ক্লাউস ক্রেসকে। সংখ্যাগরিষ্ঠের ভোটে এই আদালতের সিদ্ধান্ত গৃহীত হয়। বিচারপতি ইওয়াসাওয়া স্পষ্ট করেন, গণহত্যার জন্য ব্যক্তিবিশেষ ফৌজদারি দায়বদ্ধতার মুখোমুখি হলেও রাষ্ট্রের ক্ষেত্রে এটি আন্তর্জাতিক আইনের অধীনে একটি দায়বদ্ধতা। রাষ্ট্রের কোনো অঙ্গ বা সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর মাধ্যমে গণহত্যা সংঘটিত হলে তার জন্য রাষ্ট্রকে দায়ী করা যায়।

এদিকে আইসিজের এই রায় ঘিরে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ১০ লাখের বেশি রোহিঙ্গার বসবাস করা এই শিবিরগুলোতে বড় পর্দার সামনে জড়ো হয়ে বিপুলসংখ্যক শরণার্থীকে সরাসরি আদালতের কার্যক্রম দেখতে দেখা যায়।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট খিন মং বলেন, ‘বিচারক এখন পর্যন্ত যা বলেছেন, তা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আদালত সঠিক বিষয়গুলোই তুলে ধরেছেন এবং দীর্ঘদিন ধরে আমরা যে ভোগান্তির শিকার হচ্ছি, তার স্বীকৃতি দিচ্ছেন। বিচারকের বক্তব্য অত্যন্ত বিস্তারিত ও সুনির্দিষ্ট, যা আমাদের অভিজ্ঞতা ও যন্ত্রণার প্রতিফলন ঘটিয়েছে।’

রায় ঘোষণার সময় দ্য হেগে আদালতের বাইরে উপস্থিত ছিলেন রোহিঙ্গা শিশু মনোরোগ বিশেষজ্ঞ আম্বিয়া পারভীন। তিনি বলেন, ‘আমরা আমাদের শিশুদের জন্য স্বীকৃতি ও জবাবদিহি চাই। বিশ্বের জানা উচিত আমাদেরও কণ্ঠস্বর আছে। আমাদের মাইক্রোফোন দেয়া হলে আমরাও কথা বলব।’ আদালতের বাইরে থাকা রোহিঙ্গা জাস্টিস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাঈদুল করিম বলেন, এই মামলাটিই তাদের দেশে ফেরার একমাত্র আশা।

অন্যদিকে ২০১৭ সালে রাখাইনের বুথিডং শহর থেকে বিতাড়িত হয়ে বর্তমানে কানাডায় বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ নওকিম বলেন, ‘এটি আমাদের ভোগান্তির আনুষ্ঠানিক স্বীকৃতির মতো। বছরের পর বছর অস্বীকারের পর এই বিচার রোহিঙ্গাদের যন্ত্রণার একটি স্বীকৃতি। রোহিঙ্গারা কেবল এ বছর নয়, কয়েক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছে।’

তবে রায়ে রোহিঙ্গাদের পক্ষে সিদ্ধান্ত এলেও তাদের নিরাপদে রাখাইনে ফেরার পথে বড় ধরনের বাধা রয়ে গেছে। বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ঘোর বিরোধী। এছাড়া রোহিঙ্গাদের অনেক গ্রাম পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে এবং বাংলাদেশে থাকা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক তহবিলও কমে আসছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে ৩০টির বেশি পুলিশ চৌকিতে আরসার হামলার পর মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ জনতা রোহিঙ্গাদের ওপর নৃশংস অভিযান শুরু করে। চিকিৎসা সহায়তাকারী সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়েরের (এমএসএফ) তথ্যমতে, সহিংসতা শুরুর পর প্রথম এক মাসেই পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশুসহ কমপক্ষে ৬ হাজার ৭০০ রোহিঙ্গা নিহত হয় এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কয়েক দশকের নিপীড়নে সব মিলিয়ে প্রায় ২০ লাখ রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে গত বছরই প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে।

এই ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যদেশের পক্ষে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। সে সময় গাম্বিয়ার তৎকালীন বিচারমন্ত্রী আবুবকর তামবাদু এতে নেতৃত্ব দেন এবং বৃহস্পতিবার রায় ঘোষণার সময় দেশটির বর্তমান বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল দাওদা জালো আদালতে উপস্থিত ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ঠেকাতে মিয়ানমারকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ ও ২০২৪ সালে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ এই মামলায় যুক্ত হয় এবং ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৭ সালের ওই অভিযানের নেতৃত্বে থাকা সেনাপ্রধান মিন অং হ্লাইং বর্তমানে মিয়ানমারের প্রধান নেতা। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা মিয়ানমার সরকারের প্রতিনিধি কো কো হ্লাইং গত জানুয়ারির শুনানিতে দাবি করেছিলেন, উত্তর রাখাইনে সন্ত্রাসীদের অবাধ বিচরণ করতে দিয়ে সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকতে পারত না এবং রোহিঙ্গা যোদ্ধাদের হামলার জবাবেই সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল।

আইসিজের ইতিহাসে এটি তৃতীয় কোনো গণহত্যা মামলার রায়। এর আগে ২০০৭ সালে বসনিয়া বনাম সার্বিয়া মামলায় ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় প্রায় ৮ হাজার বসনীয় মুসলিম পুরুষ ও বালককে হত্যার ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়া হলেও সার্বিয়াকে কেবল গণহত্যা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে দায়ী করা হয়েছিল, কিন্তু সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়নি। এছাড়া ২০১৫ সালে ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া মামলায় উভয় পক্ষের গণহত্যার দাবিই খারিজ করে দিয়েছিলেন আদালত। ১৯৪৮ সালে গণহত্যা সনদ স্বাক্ষরের পর থেকে রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়ার ঘটনায় অনেক ব্যক্তিকে দণ্ডিত করা হলেও কোনো আন্তর্জাতিক আদালত আজ পর্যন্ত কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা করার দায়ে দোষী সাব্যস্ত করেননি।

এছাড়া ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি ভৌগোলিক বা জাতীয়তার সম্পর্ক না থাকা সত্ত্বেও গণহত্যা সনদের আওতায় গাম্বিয়াই প্রথম এই মামলা করেছিল। পরবর্তীতে একই বিধানের ওপর ভিত্তি করে গাজায় যুদ্ধের জন্য ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। আইন বিশেষজ্ঞদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে এই রায়ে গণহত্যার অভিপ্রায় প্রমাণের পদ্ধতি, জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনের গুরুত্ব এবং নারী ও শিশুদের ওপর সহিংসতার বিষয়গুলো ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাসহ ভবিষ্যতের মামলাগুলোতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

এএম