যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে অঞ্চলের ৫টি দেশে থাকা মার্কিন সামরিক সম্পদে পাল্টা আঘাত হেনেছে ইরান। এর পাশাপাশি তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া হয়েছে।
হামলা-পাল্টা হামলার এই আবহে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ‘একপাক্ষিক চুক্তির যুগ শেষ হয়ে গেছে।’ তার এই মন্তব্য গত জুনে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ইঙ্গিত কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সাফ জানিয়ে দিয়েছেন যে দুই পক্ষের মধ্যকার ‘যুদ্ধবিরতি শেষ’।
উভয় পক্ষের মধ্যে সই হওয়া ওই সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদে সব ফ্রন্টে শত্রুতা বন্ধ এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত অন্তত পাঁচবার উভয় পক্ষ একে অপরের ওপর বড় ধরনের হামলা চালাল।
এছাড়া চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, আলোচনা চলাকালে ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র। কিন্তু মাত্র দুই দিন আগে ওয়াশিংটন তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে সেই সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ ধারাগুলো ইতিমধ্যে কার্যত ধসে পড়েছে।





