ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। আজ (রোববার, ১২ জুলাই) ভোরে তার দপ্তরের কমিউনিকেশন ডিরেক্টর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিন্ডসে গ্রাহামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, সংক্ষিপ্ত ও আকস্মিক অসুস্থতার পর গত গতকাল (শনিবার, ১১ জুলাই) সন্ধ্যায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। এই কঠিন সময়ে তার পরিবার সবার কাছে প্রার্থনা চেয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে।

লিন্ডসে গ্রাহাম ২০০২ সালে প্রথমবার মার্কিন সিনেটর নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০২০ সালেও তিনি পুনর্নির্বাচিত হন। সিনেটে আসার আগে ১৯৯৪ সালে তিনি সাউথ ক্যারোলিনা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সিনেট বাজেট কমিটির চেয়ারম্যান এবং অ্যাপ্রোপ্রিয়েশন ও জুডিশিয়ারি কমিটির মতো গুরুত্বপূর্ণ পর্ষদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উগ্র ইসরাইলপন্থি ও যুদ্ধবাজ নেতা হিসেবে লিন্ডসে গ্রাহামের পরিচিতি ছিল। তিনি ২০০৩ সালে ইরাক আক্রমণের কট্টর সমর্থক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পক্ষে সোচ্চার ছিলেন। ট্রাম্পের বর্তমান ইরান যুদ্ধের পেছনেও তার বড় সমর্থন ছিল। লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, ‘গ্রাহাম ইসরাইলের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন।’

সক্রিয় রাজনীতিতে আসার আগে লিন্ডসে গ্রাহাম বিমান বাহিনীতে আইনজীবী হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি বিমান বাহিনীর রিজার্ভে যোগ দেন এবং দীর্ঘ ২০ বছর সেখানে কাজ করার পর কর্নেল পদমর্যাদা নিয়ে অবসরে যান। ২০১৬ সালে তিনি প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়নের লড়াইয়ে নেমেছিলেন। শুরুতে ট্রাম্পের কট্টর সমালোচক হলেও পরে তিনি কংগ্রেসে ট্রাম্পের অন্যতম প্রধান সহযোগীতে পরিণত হন।

এএম