বাঁধ ছাপিয়ে হু হু করে শহর প্রবেশ করছে নদীর পানি। নিমেষেই প্লাবিত হচ্ছে লোকালয়। দৃশ্যটি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরের। টানা কয়েকদিনের বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে এলাকাটি।
কারভিল ও ইউভাল্ডের বন্যকবলিত এলাকা থেকে উদ্ধার করার হয়েছে আড়াইশোর বেশি স্থানীয়কে। অব্যাহত আছে অভিযান। এছাড়াও টেক্সাসের ৫৯টি কাউন্টিতে জারি হয়েছে বন্যা সতর্কতা। বন্যা কবলিত অঞ্চলটিতে টর্নোডো আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয় অফিস। পাশাপাশি আগামীকালকেও প্রবল বর্ষণের শঙ্কা আছে। এছাড়া মধ্য ও দক্ষিণ অ্যারিজোনার বেশিরভাগ অংশ, প্রেসকট ও ফিনিক্স থেকে দক্ষিণে টুকসন হয়ে মেক্সিকো সীমান্ত পর্যন্ত আকস্মিক বন্যার পূর্বাভাস দেয়া হচ্ছে।
আরও পড়ুন:
এদিকে তীব্র ঝড়, জলোচ্ছ্বাস ও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় অঞ্চল। ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে ৮০টি পরিবারকে। জলোচ্ছ্বাসের পর তলিয়ে গেছে বেশ কিছু বাড়িঘর, জলমগ্ন রাস্তাঘাটও।
স্থানীয় একজন বলেন, ‘বেড়াটা এক নিমিষে উঠে গেল। কিছু করার আগেই প্রতিবেশীর বাড়ি ধসে পড়ল। আমরা সবাই হতবাক।’
অন্য একজন বলেন, ‘যাতায়াত ও নাগরিক সুবিধার জন্য আমরা রাস্তা ঠিক করছি। আমাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম আছে। পড়ে যাওয়া গাছপালা নিয়ে সতর্ক থাকতে হচ্ছে।’
অন্যদিকে টাইফুন বাভির আঘাত সামলে উঠতে না উঠতেই ভূমিধসের কবলে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। উজিয়াং নদীর তীরবর্তী এলাকায় বেশ কয়েকটি আবাসিক ভবন ধসে নিখোঁজ বহু মানুষ। চলছে উদ্ধার অভিযান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, স্থানীয় সময় সকাল ৯:০৮ মিনিটে হানজিয়া অঞ্চলে এই ব্যাপক ভূমিধস হয়। খবর পেয়েই সেখানে ছুটে আসে দমকলকর্মীরা।





