গত অক্টোবরে ইসরাইল ও হামাস দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় অন্তত ১ হাজার ১২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
হামাস-নিয়ন্ত্রিত সরকারের অধীন এই মন্ত্রণালয় বিস্তারিত হতাহতের তথ্য সংরক্ষণ করে। জাতিসংঘের সংস্থা ও স্বাধীন বিশেষজ্ঞরা এসব তথ্যকে সাধারণভাবে নির্ভরযোগ্য বলে মনে করেন। তবে নিহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন যোদ্ধা, তা আলাদা করে উল্লেখ করা হয় না। মন্ত্রণালয়ের দাবি, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
ইসরাইলের ভাষ্য মতে, সশস্ত্র গোষ্ঠীগুলোর গুলি ও অন্যান্য যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবে তারা হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের নেতৃত্বে চালানো হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরাইলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৭৩ হাজার ২৬৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।





