তুর্কি সামরিক উপস্থিতি স্থাপনের পরিকল্পনা নেই, জানালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি
বিদেশে এখন
0

ইসরাইলি হামলার শিকার ‘আবু আল-দুহুর বিমানঘাঁটি’তে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতার অংশ হিসেবে তুর্কি কর্মকর্তারা ঘাঁটিটি পরিদর্শন করলেও সেখানে স্থায়ীভাবে সেনা মোতায়েন বা ঘাঁটি গড়ার কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেয়া এক সাক্ষাৎকারে আল-শাইবানি বলেন, ‘সেখানে তুর্কি ঘাঁটি করার বা স্থায়ীভাবে সামরিক উপস্থিতি তৈরি কিংবা তুর্কি সেনা মোতায়েন করার কোনো ইচ্ছা ছিল না।’ দামেস্কের এ অবস্থানের কথা ইসরাইলকে স্পষ্ট করা হয়েছিল বলেও জানান তিনি। গত মঙ্গলবার সিরিয়ার আলেপ্পোর কাছে অবস্থিত ‘আবু আল-দুহুর বিমানঘাঁটি’র রানওয়ে ও গুদামে অন্তত আটটি বিমান হামলা চালায় ইসরাইল। গত মার্চের পর সিরীয় সরকারের কোনো স্থাপনায় এটিই প্রথম ইসরাইলি হামলা। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আন্তর্জাতিক অঙ্গনে এর তীব্র নিন্দা জানানো হয়।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, এই সামরিক স্থাপনায় হামলা চালানোর কোনো বৈধ কারণ ইসরাইলের ছিল না। তবে সংঘাত কমাতে ইসরাইলের সঙ্গে আলোচনায় দামেস্ক এখনো উন্মুক্ত। যেকোনো সম্ভাব্য চুক্তিতে উভয় দেশের নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলি সামরিক অভিযান ওই অঞ্চলের অস্থিতিশীলতাই কেবল বাড়াবে।

হামলার বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, বিমানঘাঁটিতে তুর্কি উপস্থিতি বরদাশত করা হবে না বলে সিরিয়াকে আগেই বার্তা দেয়া হয়েছিল। অন্যদিকে বৃহস্পতিবার সকালে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তার দেশকে সিরিয়ায় ‘ঝুঁকিপূর্ণ অভিযানের’ দিকে ঠেলে দিচ্ছেন। আত্মরক্ষায় ইসরাইলের সক্ষমতা পরীক্ষা না করতেও তিনি এরদোয়ানকে সতর্ক করেন।

ইসরাইলের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আঙ্কারা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় বা তার আগে ওই বিমানঘাঁটিতে তুরস্কের কোনো সামরিক প্রতিনিধিদল ছিল না। সিরিয়ার সামরিক সক্ষমতা ও অবকাঠামোগত উন্নয়নে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে তারা। সামরিক জোট ‘ন্যাটো’-র সদস্য রাষ্ট্র তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অন্যতম প্রধান মিত্র। ইসরাইল সিরিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে বিশ্ব সম্প্রদায়কে ইসরাইলি পদক্ষেপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা।

এএম